পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তুরস্ককে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সামুদ্রিক সীমানা এবং জ্বালানি সম্পদ নিয়ে গ্রিসের সঙ্গে বিবাদের জেরে উসকানি ও বল প্রয়োগের অভিযোগে এই হুমকি দিয়েছে ইইউ। পূর্ব ভূমধ্যসাগরে একতরফা পদক্ষেপ নেয়া থেকে আঙ্কারাকে বিরত থাকার আহ্বানও জানান ইইউ প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন।
তিনি বলেন, ইইউ তুরস্কের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায়। কিন্তু এটি তখনই কাজে আসবে যখন তুরস্কের উসকানি ও চাপ বন্ধ হবে। আশা করি তুরস্ক যে কোনও একতরফা পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকবে। যদি তুরস্ক কোন পদক্ষেপ নেয় তাহলে সম্ভাব্য সব বিকল্প বিবেচনায় সিদ্ধান্ত নেবে ইইউ।
পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাস সমৃদ্ধ এলাকায় তুরস্ক একটি জাহাজ পাঠালে গ্রিসের সঙ্গে বিরোধের সূত্রপাত হয়। টানা উত্তেজনার পর তুরস্কের সঙ্গে গ্রিস একটি সামরিক হটলাইন স্থাপনে সম্মত হয়েছে।
/এএ


