ফাউসির কথা মানলে পাঁচ লাখ মারা যেত : ডোনাল্ড ট্রাম্প
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসিকে নিয়ে আবারও বিদ্রূপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দেশের মানুষ করোনাভাইরাস নিয়ে ফাউসিসহ ‘ইডিয়ট’দের কথা শুনে ক্লান্ত হয়ে পড়েছে। ফাউসির কথা আমলে নিলে দেশে করোনায় এ পর্যন্ত পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যু হতো।
১৯ অক্টোবর নিজের নির্বাচনী প্রচার কর্মীদের উদ্দেশে টেলিফোনে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন।
ট্রাম্প বিদ্রূপ করে বলেন, ফাউসি একজন ভালো লোক। তিনি ৫০০ বছর থেকে আছেন। ফাউসিকে অপসারণের কথাও তাঁর মাথায় ছিল। অপসারণের প্রায় ১৫টি কারণ থাকার পরেও তিনি তাঁকে রেখে দিয়েছেন। প্রতিবার ফাউসি টিভিতে উপস্থিত হলে বোমা ছাড়েন উল্লেখ করে ট্রাম্প বলেন, ফাউসিকে অপসারণ করলে বোমা আরও বড় করে ফুটবে বলেই তিনি তা করেননি।
দেশের মানুষ করোনাভাইরাস নিয়ে ফাউসিসহ ‘ইডিয়ট’দের কথা শুনে ক্লান্ত হয়ে পড়েছে। ফাউসির কথা আমলে নিলে দেশে করোনায় এ পর্যন্ত পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যু হতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোতে তাঁর অবস্থান চমৎকার উল্লেখ করে ট্রাম্প বলেন, দুই-তিন সপ্তাহ আগেও এমন বলার সুযোগ ছিল না। এক সপ্তাহ আগের চেয়েও তিনি নিজে এখন বেশ আশাবাদী। তিনি অবশ্যই জয়ী হবেন।
প্রচার কর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার পরই প্রেসিডেন্ট ট্রাম্প ফাউসিকে নিয়ে একটি টুইট করেন। টুইটে তিনি উল্লেখ করেন, ফাউসি বলেছেন তাঁকে টিভি প্রোগ্রামে যাওয়ার জন্য প্রশাসন বাধা দিচ্ছে। অথচ তিনি টিভিতে দীর্ঘ দিন থেকে কথা বলে আসছেন।
কোভিড-১৯ সামাল দেওয়া নিয়ে ফাউসির সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই বিরোধে জড়িয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্রের লোকজন একজন পেশাজীবী হিসেবে ফাউসিকেই বেশি বিশ্বাস করে। ফাউসি মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলেন। ভ্যাকসিন নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করেন। এ বিষয়গুলো নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান একেবারেই বিপরীত।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে ফাউসির জনপ্রিয়তা অনেক বেশি। এ নিয়েও আগে বিদ্রূপ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছেন, তাঁর প্রশাসনে কাজ করেও ফাউসি কেন জনপ্রিয়, তিনি নিজে কেন সমান বা বেশি জনপ্রিয় নন।
সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প করোনা মোকাবিলায় ভালো কাজ করছেন—ফাউসির এমন একটি বক্তব্য জুড়ে দিয়ে ট্রাম্পের প্রচার শিবির থেকে ছাড়া হয়েছিল। এ নিয়ে ফাউসি পরে বলেছেন, তাঁর কোনো অনুমতি না নিয়েই পুরোনো একটি বক্তব্যের অংশ বিশেষ বিজ্ঞাপনে জুড়ে দেওয়া হয়েছে। প্রশাসনে কাজ করা ফাউসির কোনো রাজনৈতিক দলকে বা প্রার্থীকে সমর্থন দেওয়ার ইচ্ছা নেই বলে জানিয়েছেন। ১৯৮৪ সাল থেকে ফাউসি সরকারি প্রশাসনে কাজ করছেন। মহামারি নিয়ন্ত্রণে সারা বিশ্বে তাঁকে একজন বিশেষজ্ঞ হিসেবে সম্মানের চোখে দেখা হয়।
মাস্ক ব্যবহার করাসহ কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে সাবধানতার কথা ফাউসি শুরু থেকে বলে আসছেন। এমনকি সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের জন্য মনোনয়ন ঘোষণার সময় প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে যে আয়োজন করেছিলেন, তারও সমালোচনা করেছেন ফাউসি। প্রেসিডেন্ট ট্রাম্পের বেপরোয়া প্রচার সমাবেশ নিয়েও তিনি কথা বলে আসছেন।
যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত হয়ে গত মার্চ থেকে এ পর্যন্ত দুই লাখ ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রতিদিন মৃত্যুর তালিকায় নতুন মানুষের নাম যুক্ত হচ্ছে। সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখার জন্য ফাউসিসহ স্বাস্থ্যসেবীরা জনগণকে সতর্ক করে আসছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই করোনায় সংক্রমিত হওয়ার পরও মাস্ক ব্যবহার বা সামাজিক ব্যবধানের শর্তাবলি যেমন মেনে চলছেন না, তেমনি জনগণকেও তিনি উৎসাহিত করছেন না। মে মাস থেকেই তিনি বলে আসছেন, করোনা ভাইরাস শেষ হয়ে যাচ্ছে। সংকট দূর হয়ে যাচ্ছে সহসাই। তবে যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ করোনাভাইরাস নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প নয়, ফাউসির কথাই বেশি বিশ্বাস করে।


