কেন্দ্রের প্রভাবেই মুসলমানদের জঙ্গি বানানো হচ্ছে : : সিদ্দিকুল্লাহ
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কেন্দ্রীয় সরকার এবং তাদের দলের প্রভাবেই মুসলমানদের দিয়ে জঙ্গি নাটক সাজানো হচ্ছে বলে মন্তব্য করেছেন রাজ্য জমিয়তে উলামা হিন্দের সভাপতি ও রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেন, কেন্দ্রের ভাবে বুঝা যায়, বাংলার মুসলমানরাই বুঝি সব সর্বনাশ করে ছাড়ছে। তারা এনআইএকে প্রভাবিত করে মুসলমানদের বিপদে ফেলার চেষ্টা করছে। এটা ঠিক নয়। আজকে ছোট আকারে প্রতিবাদ করলাম। প্রয়োজন হলে আমরা আরো বড় আকারে প্রতিবাদ জানাবো।
তিনি বলেন, আজকে আমরা পশ্চিম বাংলার বিশিষ্ট গুণীজনদের নিয়ে বসেছি। এখানে উপস্থিত আছেন পশ্চিম বাংলার গুণীজন।
মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরীর বাসভবনে মুর্শিদাবাদে ‘এনআইএর সক্রিয় ভূমিকা’ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন তিনি।
মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী বলেন, প্রায় মাস খানেক আগে দশ জন মানুষকে কাউকে না জানিয়ে আটক করা হয়েছে। পুলিশ জানে না, থানা জানে না এমনকি এখানকার দায়িত্বশীলগণও জানেন না।
তিনি বলেন, এদের মধ্যে একজন মামুন আল কামাল, আরেকজন নাজমুস সাকিব।এ ছাড়া বাকিদের কোনো খবরই আমরা জানি না। পরিবার জানে না। তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। আইনগত কী ব্যবস্থা নেয়া যায় তা নিয়ে কাজ করছি।
তিনি বলেন, ভাবে বুঝা যায় বাংলার মুসলমানরাই বুঝি সব সর্বনাশ করছে। সীমান্ত এলাকার একটি মসজিদের মুয়াজ্জিনকে আড়াইঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গণমাধ্যমকর্মীদের দুঃখ প্রকাশ করে মন্ত্রী সিদ্দিকুল্লাহ বলেন, যখন কেউ গ্রেফতার হয় তখন এমনভাবে ছাপা হয় যেন তা প্রমাণিত হয়ে গেছে ব্যক্তি দোষী। যখন বেকসুর খালাস হয়ে বের হয় তখন ছোট্ট করে কোথাও ছাপা হয়। বাংলার মিডিয়ার কাছে এমনটা আমরা আশা করি না।
তিনি বলেন, যারা গ্রেফতার হয়েছেন তারা সাদামাটা জীবনের অধিকারী। এদের আত্মীয়স্বজন সবাই আছে। এদের কীভাবে জঙ্গি হিসেবে গ্রেফতার করা হলো?
তিনি বলেন, একজন সন্তান বিপদে পড়লে সবচেয়ে কষ্ট অনুভব করেন অভিভাবক ও অভিভাবিকাগণ।
দিল্লীর কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়ে সিদ্দিকুল্লাহ বলেন, মুসলমানদের সঙ্গে আপনাদের কারও সঙ্গেই সংঘাত নেই। কেউ সংঘাত তৈরি করতে চাইলে আপনারা সে পথে পা দিবেন কেন? কাউকে জঙ্গি বানানোর নাটক জাতিকে বিভ্রান্ত করা হয়।
সিদ্দিকুল্লাহ বলেন, দুজনের ব্যাপারে জানা গেছে তারা কোথায় আছে। বাকিদের খবর কেউ জানে না। এটা তো গণতান্ত্রিক কোনো দেশের চরিত্র হতে পারে না।
তিনি বলেন, কোনো ডকুমেন্ট ছাড়াই, কোনো এফআইআর ছাড়াই গ্রেফতার করা হয়েছে। এটা দুঃখজনক।
অনুবাদ ও গ্রন্থনা : মাসউদুল কাদির


