পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন, করোনাভাইরাস মোকাবেলায় বিভিন্ন জোন ভাগ করে লকডাউনের সিদ্ধান্ত ভুল ছিল।
শনিবার (২৪ অক্টোবর) সকালে হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে অনলাইনে ‘করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘বৈজ্ঞানিক ব্যাখ্যার কারণে নেওয়া ওই সিদ্ধান্ত খুব একটা কাজে আসেনি। সেসময় রেড, ইয়োলো, গ্রিন জোনে ভাগ করার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আপত্তি ছিল।’
‘করোনার সঙ্কটে সারা বিশ্ব যে পদক্ষেপগুলো নিয়েছিল তার অনেক ভুল ছিল। হঠাৎ চেপে বসা এ সঙ্কটে বাংলাদেশও ছোট ছোট কিছু ভুল করেছে। তবে সরকারের অধিকাংশ সিদ্ধান্তই কাজে দিয়েছে’, বলেন মন্ত্রী।
এন্টিবডি টেস্টের ক্ষেত্রে সংশ্লিষ্টদের মতামত নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলেও জানান তিনি। অনুষ্ঠানে বক্তারা করোনা মোকাবিলায় প্রান্তিক পর্যায়ের মানুষকে আরও সচেতন করতে সরকারকে আহ্বান জানান।
/এএ


