ফরাসি পণ্য বয়কটের আহ্বান মাহমুদ মাদানীর
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নবীয়ে করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কার্টুন প্রকাশের প্রতিবাদে ফরাসি পণ্য বয়কট করার আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারী জেনারেল মাওলানা সাইয়্যিদ মাহমুদ আস’আদ মাদানী। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফরাসি পণ্য বয়কটের এই আহ্বান জানান তিনি।
জমিয়তে উলামা হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ মাদানী “মত প্রকাশের স্বাধীনতার অজুহাতে নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) – এর অবমাননাকে সমর্থন” করার জন্য ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর তীব্র নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, ফ্রান্সের বিরুদ্ধে পণ্য বয়কট আন্দোলনসহ শান্তিপূর্ণ প্রতিবাদের সকল উপায়কে আমরা সমর্থন করছি।
তিনি বলেন, উস্কানিমূলক পরিস্থিতিতেও মুসলমানদের সংযম করা উচিত এবং বুদ্ধি দিয়ে ইসলামের সত্যবার্তাও আমাদের পৌঁছে দিতে হবে।
উল্লেখ্য, ভারতের প্রভাবশালী মুসলিম সংগঠন ‘জমিয়তে উলামায়ে হিন্দ’ ভারতীয় মুসলমানদের নেতৃত্ব দিয়ে থাকে। বুধবার মধ্যপ্রাচ্যে হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) – এর কার্টুন প্রকাশের প্রতিবাদে মুসলমানদের দেওয়া ফরাসি পণ্যাদির বিরুদ্ধে বয়কট আহ্বানের পক্ষে সমর্থন জানায় সংগঠনটি।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকে একজন ফরাসি শিক্ষক শ্রেণীকক্ষে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি অবমাননা মূলক কার্টুন প্রদর্শন করে। পরবর্তীতে তাকে হত্যা করা হলে এনিয়ে বিতর্ক সৃষ্টি হয়। ফরাসি প্রেসিডেন্ট এনিয়ে ইসলাম বিদ্বেষী বক্তব্য প্রদান করলে বিশ্বজুড়ে মুসলমানরা এর প্রতিবাদ জানান।
সূত্র : জমিয়তে উলামা হিন্দ ও দৈনিক সাফাহাত, দিল্লী


