ফিটনেস ও বৈধ কাগজপত্রবিহীন গাড়ি না চালাতে আইজিপির আহ্বান

ফিটনেস ও বৈধ কাগজপত্রবিহীন গাড়ি না চালাতে আইজিপির আহ্বান

নিজস্ব প্রতিবেদক ● মহাসড়কে যানজট নিরসন ও দুর্ঘটনা এড়াতে ফিটনেস এবং বৈধ কাগজপত্র-বিহীন গাড়ি না চালাতে মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি শনিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান-ট্রাক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ এবং বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন এসোসিয়েশন নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এ আহ্বান জানান।

সভায় পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস্) মো. মোখলেসুর রহমান, শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি মো. নওশের আলী, ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, গাড়িতে নির্দিষ্ট ওজনের অধিক পণ্য পরিবহন করা যাবে না। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হাইড্রোলিক হর্ন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। তিনি ট্রাফিক আইন মেনে চলার জন্য নেতৃবৃন্দকে অনুরোধ জানান।

আইজিপি বলেন, কোন পুলিশ সদস্যদের বিরুদ্ধে মহাসড়কে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি পরিবহন খাতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করে মালিক-শ্রমিকদের সমস্যা সমাধানের আহ্বান জানান।

পুলিশ প্রধান পণ্য ও মালামাল পরিবহন স্বাভাবিক রাখার জন্য ট্রাক-কাভার্ড ভ্যানের যাত্রা শুরু ও শেষ টার্মিনালে গাড়ির কাগজপত্র পরীক্ষার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *