বন্দুকযুদ্ধে নিহত হিজবুল মুজাহিদীনের প্রধান

বন্দুকযুদ্ধে নিহত হিজবুল মুজাহিদীনের প্রধান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বন্দুকযুদ্ধে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরে জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদীনের প্রধান সাইফুল্লাহ নিহত হয়েছেন।

রোববার (০১ নভেম্বর) সেনাবাহিনীর এই অভিযানকে জঙ্গিবাদের বিরুদ্ধে বড় বিজয় অভিহিত করে তার মৃত্যুর কথা নিশ্চিত করেছে পুলিশ। খবর ভারতীয় টেলিভিশন এনডিটিভি অনলাইনের।

গত মে’তে তৎকালীন প্রধান রিয়াজ নাইকো নিহত হলে হিজবুল মুজাহিদীনের প্রধানের দায়িত্ব পান সাইফুল্লাহ। শ্রীনগর শহরের পাশের একটি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ চলাকালীন আরও এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার সন্ত্রাসী হামলায় তিন বিজেপি কর্মী নিহত হওয়ার পর এ খবর এলো।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, জঙ্গি আস্তানা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘিরে ফেলে অভিযান শুরু করে। অভিযান চলাকালীন জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলি করে। পাল্টা প্রতিরোধ হিসেবে নিরাপত্তা বাহিনী গুলি করতে শুরু করে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। মারা যান সাইফুল্লাহ।

বেশকিছু সন্ত্রাসী হামলায় যুক্ত থাকার কারণে হিজবুল মুজাহিদীন প্রধান সাইফুল্লাহ ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর ‘ওয়ান্টেড’ তালিকায় ছিলেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি জানান, ঘটনাস্থল থেকে স্বয়ংক্রিয় একে-৪৭ রাইফেল ও পিস্তল ছাড়াও কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

এর আগে গত শুক্রবার কাশ্মীরের কুলগাম জেলায় এক সন্ত্রাসী হামলায় ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) তিন কর্মী নিহত হন। নিহত ওই তিন কর্মীকে উদীয়মান তরুণ নেতা হিসেবে আখ্যায়িত করে হামলার নিন্দা জানান দেশটির বিজেপিদলীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী টুইট বার্তায় বলেন, ‘আমাদের তিন উদীয়মান তরুণ নেতার খুনের নিন্দা জানাচ্ছি। তারা জম্মু ও কাশ্মীরের জন্য অসাধারণ কাজ করছিলেন। এই শোকের সময়ে তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। নিহতদের আত্মার শান্তি কামনা করছি।’ কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও এ খুনের নিন্দা করেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *