নিজস্ব প্রতিবেদক ● কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখন থেকে ইউনিফর্ম পরবেন। পরিবর্তন আসছে কাস্টমসের ইউনিফর্মেও। আগামী ডিসেম্বরে সিপাহি থেকে কমিশনাররা ইউনিফর্ম পরে অফিস করবেন। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সব পর্যায়ের কর্মকর্তাদের জন্য নির্ধারিত পোশাক পরা বাধ্যতামূলক করে।
বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশন অফিসার্স ক্লাবে আয়োজিত ‘সুশাসন, নৈতিকতা ও মূল্যবোধ’ বিষয়ক সেমিনারে সবার জন্য ইউনিফর্ম পরিধানের নিয়ম চালুর কথা জানান এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান। এনবিআর সূত্র বলেছে, আন্তর্জাতিক কাস্টমসের উত্তম চর্চার অংশ হিসেবে ইউনিফর্ম পরিধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতদিন শুধু কাস্টমসের ইন্সপেক্টর (বর্তমানে সহকারী রাজস্ব কর্মকর্তা) ও সুপারিনটেনডেন্ট (রাজস্ব কর্মকর্তা) কর্মকর্তারা ইউনিফর্ম পরতেন। এখন মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাকে এটি পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। তবে রাজস্ব বোর্ডের নীতিনির্ধারক পর্যায়ের সদস্য পদমর্যাদার কর্মকর্তাদের ইউনিফর্ম পরা বাধ্যতামূলক নয়।
এ বিষয়ে তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে। তারা চাইলে নাও পরতে পারেন। এনবিআরের এক কর্মকর্তা জানান, সেবার মান বৃদ্ধি, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববারের অনুষ্ঠানের সভাপতি ছিলেন এনবিআর সদস্য ও অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার আমিনুর রহমান। কমিশনাররা যে ব্যাজ পরবেন তাতে একটি শাপলা ফুল, তার সঙ্গে শাপলা ফুল-সংবলিত তিনটি পিপস থাকবে। অতিরিক্ত কমিশনাররা একটি শাপলা ফুল তার সঙ্গে পিপস পরবেন।


