পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যাদুমাখা দরদি সুরে পবিত্র কুরআন তেলাওয়াতকারী বিশ্বখ্যাত ক্বারী সুদানের শেখ নুরিন মোহাম্মদ সিদ্দিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শুক্রবার (০৬ নভেম্বর) সুদানের রাজধানী খার্তুমের জনবহুল ওমডুম্যান এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
এতে শেখ নুরাইন ছাড়াও কোরআনের আরও তিন হাফেজের প্রাণহানি ঘটেছে। তারা হলেন, আলী ইয়াকুব, আবদুল্লাহ আওয়াদ করিম ও মোহান্নাদ আল-কিনানি।
আফ্রিকান দেশটির ধর্মমন্ত্রী নাসেরুদ্দিন মুফরেহ এক ফেসবুক পোস্টে তার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শেখ নুরিন ও তার সঙ্গে থাকা তিন কোরআনে হাফেজের মৃত্যুতে আমি শোকাহত।
আদদুরি কিরাত বিশেষভাবে তেলওয়াতের জন্য বিশ্বজুড়ে তার খ্যাতি ছিল। তার মৃত্যুতে সামাজিকমাধ্যমে শোকের বন্যা বয়ে যাচ্ছে।
মোহাম্মদ শাব্বা নামের একজন লিখেছেন, আমার প্রিয় কোরআন তেলাওয়াতকারী শেখ নুরিন মোহাম্মদ আর নেই। আমি বিধ্বস্ত ও ব্যথিত।
মুসলিম ডেইলির এক টুইটার পোস্টে বলা হয়েছে, দুঃখজনকভাবে ক্বারী শেখ নুরিন সড়কে নিহত হয়েছেন। আল্লাহ তাকে ক্ষমা করে দিন ও জান্নাত নসিব করুন।
/এএ


