লালমনিরহাটে গুজব রটিয়ে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

লালমনিরহাটে গুজব রটিয়ে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফ্রান্সে মহানবী সা. এর অবমাননায় দেশের মুসলিম জনসাধারণের ক্ষােভে উত্তাল সময়ে পবিত্র কোরআন অবমাননার গুজব রটিয়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় শহিদুন্নবী জুয়েলের নৃশংস হত্যাকান্ডের প্রধান আসামি গুজব রটনাকারী আবুল হোসেন ওরফে হোসেন আলীকে (৪৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

শনিবার (০৭ নভেম্বর) ভোরে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে উপকমিশনার ওয়ালিদ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। তাকে লালমনিরহাট জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিভিন্ন গোয়েন্দা সংস্থা, মামলার তদন্তকারী কর্মকর্তা, জেলা প্রশাসন ও জাতীয় মানবাধিকার কমিশনের তদন্তে উঠে আসে, আবুল হোসেন ওরফে হোসেন আলী প্রথম কোরআন অবমাননার অভিযোগ তুলেছিলেন। তার বক্তব্যই গ্রামে ছড়িয়ে পড়ে।

উপজেলার বুড়িমারী ইউনিয়নে বুড়িমারী বাজারে আবুল হোসেনের ডেকোরেটর ও কসমেটিক্স সামগ্রীর দোকান রয়েছে। হত্যাকাণ্ডের পরে তাকে আর এলাকায় দেখা যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ।

জুয়েল হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ২১ জনের মধ্যে ১১ আসামিই কিশোর। তারা কীভাবে হত্যাকাণ্ডে জড়িয়ে পড়েছে, কে তাদের ডেকেছিল সেসব প্রশ্নের উত্তর জানতে আবুল হোসেনকে খুঁজছিল পুলিশ।

উল্লেখ্য, কোরআন অবমাননার অভিযোগ তুলে গত ২৯ অক্টোবর সন্ধ্যায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের পাশে বুড়িমারী বাজারে শহিদুন্নবী জুয়েল নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। জুয়েল রংপুর শহরের মৃত আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *