অর্থ পাচার মামলায় বিচার শুরু জি কে শামীমের

অর্থ পাচার মামলায় বিচার শুরু জি কে শামীমের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীম এবং তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অর্থ পাচারের মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মো. নজরুল ইসলাম এ আদেশ দেন। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মামলাটির বিচার শুরু হলো।

ওই আদালতের বেঞ্চ সহকারী মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন। শুনানির আগে জি কে শামীমসহ আটজনকে আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠনের সময় প্রত্যেক আসামি নিজেদের নিরপরাধ দাবি করেন।

মামলার অভিযুক্ত অপর সাত আসামি হলেন জিকে শামীমের দেহরক্ষী দেলোয়ার হোসেন (৩৯), মুরাদ হোসেন (৫২), জাহিদুল ইসলাম (৪১), শহিদুল ইসলাম (৩৬), কামাল হোসেন (৪৯), সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম (৩৪)।

গত ৮ আগস্ট এই মামলায় জি কে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ৫ অক্টোবর ঢাকা মহানগর আদালতের জজ কে এম ইমরুল কায়েশের আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ বদলির আদেশ দেন।

অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, দেশের ১৮০টি ব্যাংক হিসাবে প্রায় ৩৩৭ কোটি টাকার স্থায়ী আমানত রয়েছে জিকে শামীমের। এ ছাড়া ঢাকায় দুটি বাড়িসহ প্রায় ৫২ কাঠা জমির মালিক তিনি। এসবের দাম ৪১ কোটি টাকা। জি কে শামীম তার অস্ত্রধারী সাত দেহরক্ষীকে দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে টেন্ডারবাজি, বাস টার্মিনাল ও গরুর হাটে চাঁদাবাজি করে এসব অর্থসম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন বলে উল্লেখ করা হয়। এ ঘটনায় গত বছরের ২১ সেপ্টেম্বর গুলশান থানায় মামলাটি দায়ের করে র‌্যাব।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *