দরূদপাঠ নবীজীর সন্তুষ্টি লাভের একমাত্র মাধ্যম
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বেশি বেশি দরূদ পাঠ করা নবীজী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি লাভের একমাত্র মাধ্যম। নবীজী (সা.) ভালোবাসার শ্রেষ্ঠ নিদর্শন দুরুদ পাঠ করা। এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি আমল। এ আমলের মাধ্যমে একসঙ্গে আল্লাহ ও তাঁর রাসূলের সন্তুষ্টি লাভ করা যায়। এই পৃথিবীতে নবীজী (সা.) থেকে এই উম্মতকে কেউ বেশি ভালোবাসেনি এবং কেউ চেষ্টা করলেও নবীজী থেকে বেশি ভালেবাসতে পারবে না। পেয়ারে নবীর এত প্রেম, এত ভালোবাসার পরেও আমরা তাঁর আদেশ-নিষেধ মানি না। তাঁর সুন্নত পালন করি না। তাঁর দেখানো পথে হাঁটি না। তাঁর উপর দরূদ পাঠ করি না।
নবীজীকে ভালোবাসার এমন হৃদয়বিগলিত বক্তব্য দিয়েছেন জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
বুধবার (১১ নভেম্বর) রাতে জামিআ মাদানিয়া আসআদুল উলূম মাদানীনগর মিলনায়তনে বাংলাদেশ জমিয়তুল উলামা খুলনা জেলা শাখা আয়োজিত ইসলাহী ইজতেমার বয়ানে মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।
প্রতিদিন নির্দিষ্ট একটা সময় আল্লাহ ও তাঁর নামের জিকির করার কথা উল্লেখ করে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ ‘আল্লাহ ও তাঁর নামের জিকির’। আল্লাহ নামের জিকিরের স্বাদ, আল্লাহ নামের স্বাদ কখনো কমে না, বরং যত বেশি বেশি করবে ততো স্বাদ বৃদ্ধি পাবে। আল্লাহর নামের জিকিরে কখনো বিরক্তিও আসে না। যে ব্যক্তি যত বেশি জিকির করবে সে আল্লাহর কাছে ততো প্রিয় হতে থাকবে। দুনিয়া ও আখেরাতে আল্লাহ ও আল্লাহর নামের জিকিরের চাইতে মধুর কোন শব্দ নেই।
নবীজী (সা.) এর উসিলা দিয়ে দুআ করলে দুআ কবুল হয় জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার বলেন, যদি কোন বান্দা বালা-মসিবতে সময় রাসূল দেখানোর নির্দিষ্ট আমল করে দরূদ শরীফ পড়ে নবীজী (সা.) এর উসিলা দিয়া দুআ করে আল্লাহর কাছে কিছু চায়, তাহলে অবশ্যই আল্লাহ এই বান্দার দুআ কবুল করবেন, তার চাওয়া-পাওয়া কবুল করবেন, বালা-মসিবত দূর করবেন।
ইসলাহী ইজতেমায় এশার নামাজের পর দরূদ শরীফের আমল পরিচালনা করেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারি জেনারেল মাওলানা সদরুদ্দীন মাকনুন।
ইজতেমায় আগত মুসল্লীদের মাঝে আগ্রহীরা মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ হাতে বায়আত গ্রহণ হন। বায়আত শেষে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা ও দেশ-জাতি, করোনা মহামারি থেকে মুক্তি এবং মুসলিম উম্মাহের জন্য শান্তি কামনা করেন তিনি।



