মার্কিন সিক্রেট সার্ভিস করোনায় বিধ্বস্ত

মার্কিন সিক্রেট সার্ভিস করোনায় বিধ্বস্ত

মার্কিন সিক্রেট সার্ভিস করোনায় বিধ্বস্ত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যা অন্যতম হাতিয়ার ছিল নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের।

এবার সেই ভাইরাসে কাবু ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত সিক্রেট সার্ভিসের ১৩০ জনেরও বেশি কর্মী। করোনা-আক্রান্তদের সান্নিধ্যে আসার ফলে ওই গোয়েন্দারা হয় নিজেরাই সংক্রমিত, নয়তো সংক্রমণের আশঙ্কায় কোয়ারেন্টিনে রয়েছেন। মার্চ থেকে এখন পর্যন্ত প্রায় তিনশ সিক্রেট সার্ভিস কর্মী কোয়ারেন্টিনে থেকেছেন।

এ ক্ষেত্রেও আঙুল উঠছে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে। তার নির্বাচনী প্রচারে বিভিন্ন প্রদেশে সফরের সময়ই ওই সিক্রেট সার্ভিসের কর্মীরা নিরাপত্তা বলয় তৈরি করেছিলেন। সেখানে উপস্থিত বহু কর্মকর্তা নিয়মের তোয়াক্কা না-করে ট্রাম্পের দেখানো পথে মাস্ক ছাড়া উপস্থিত হয়েছিলেন।

গত তিন সপ্তাহে হোয়াইট হাউসে ট্রাম্প যে সমস্ত অনুষ্ঠানের মুখ্য আয়োজক ছিলেন, সেখানেও অধিকাংশ মাস্কবিহীন অবস্থায় ছিলেন। ৩ নভেম্বর নির্বাচনের দিন নৈশভোজের অনুষ্ঠানেও সেই বেপরোয়া মনোভাব দেখা গেছে ট্রাম্প ঘনিষ্ঠদের।

এমনকি চিফ অব স্টাফ মার্ক মেডোসও ছিলেন সেই তালিকায়। পরে তার শরীরেও ভাইরাসের অস্তিত্ব মিলেছে। অনুমান করা হচ্ছে, তাদের মাধ্যমেই নিরাপত্তাকর্মীরা সংক্রমিত হয়েছেন। সংক্রমিত হয়েছেন, ট্রাম্প ঘনিষ্ঠ কোরি লেওয়ানডস্কি ও ডেভিড বসি।

মার্কিন একটি সংবাদমাধ্যম জানিয়েছে, অন্তত ৩০ জন গোয়েন্দা সংক্রমিত হয়েছেন। আরও ৬০ জনকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, সংক্রমণের প্রতিটি ঘটনাকেই গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। তবে গোয়েন্দাদের সংক্রমণ নিয়ে প্রশ্নের ক্ষেত্রে অবশ্য সিক্রেট সার্ভিসের মুখপাত্র জুলি ম্যাকমারের দিকেই বল ঠেলেছেন তিনি।

যদিও জুলি জানিয়েছেন, গোপনীয়তা বজায় রাখতে করোনা সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ্যে নিয়ে আসা সম্ভব নয়। তাদের কাছে কর্মীদের স্বাস্থ্য ও সুরক্ষা সবার আগে।

সূত্র : ভয়েস অব অ্যামেরিকা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *