পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জে ঝালরচরে মৌমাছির কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ছাড়া মৌমাছির হুলে একটি ছাগলসহ ৩০টি কবুতর মারা গেছে। আরো কয়েকটি গরু-ছাগল মারাত্মকভাবে আক্রমণের শিকার হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে ঝালরচর বাজার ব্রিজের উত্তর দিকে অবস্থিত দুলাল মিয়ার বাড়ির কাছে সামসুল হকের ছেলে সহিদুল ইসলাম জগেস (৫৫) মাঠে কাজ করছিলেন। এমন সময় মৌমাছির চাকে একটি চিল এসে ঠোকর দিলে মৌমাছি জগেসকে আক্রমণ করে। আশপাশে থাকা অনেকগুলো গরুর ভেতর পাচটি গরু মারাত্মক আহত হয়। কিছুক্ষণ পর একটি গরু মারা যায়। এ ছাড়া ৩০টি কবুতর প্রাণ হারায়। এ সময় স্থানীয়রা জগেসকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দিদার মিয়ার বাড়ির কাছে যেতেই জগেস মারা যান। তিনি ছয় সন্তানের জনক।
এ সময় দুলাল মিয়া ও তাঁর স্ত্রী মৌমাছির আক্রমণের শিকার হয়েছেন। দুজন হাসপাতালে ভর্তি হয়ে আজ সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। আক্রান্ত পাঁটি গরু, কয়েকটি ছাগল এখনো শঙ্কামুক্ত নয়।


