ইউনিফর্মে হিজাব যুক্ত করল নিউজিল্যান্ড পুলিশ

ইউনিফর্মে হিজাব যুক্ত করল নিউজিল্যান্ড পুলিশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এই প্রথম ইউনিফর্মে হিজাব যুক্ত করল নিউজিল্যান্ড পুলিশ। মুসলিম নারীদের পুলিশে যোগ দিতে উদ্বুদ্ধ করতে পোশাকে এই হিজাব যুক্ত করেছে নিউজিল্যান্ড। আশা করা হচ্ছে, এর ফলে দেশটিতে আরো বেশি মুসলমান নারী পুলিশ বাহিনীতে যোগ দিতে আগ্রহী হবে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ কনস্টেবল হিসেবে সদ্য যোগ দেয়া জিনা আলী নামের এক নারী প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে তার পোশাকের সঙ্গে হিজাব পরবেন।

দেশটির পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিউজিল্যান্ডের বহুজাতি গোষ্ঠীর সদস্যদের নিয়ে আরও বিস্তৃত পরিসরে সেবা নিশ্চিত করাই তাদের উদ্দেশ্য। এর ফলে আরো বেশি মুসলমান নারী পুলিশ বাহিনীতে যোগ দিতে আগ্রহী হবে বলে তারা আশা করছে।

এর আগে ২০০৬ সালে যুক্তরাজ্যের লন্ডনের পুলিশ সিদ্ধান্ত নিয়েছিল যে, তাদের পুলিশ সদস্যরা চাইলে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরতে পারবে। ২০১৬ সালে একই রকম সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ডের পুলিশ। ২০০৪ সালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার মাহা শুক্কুর তার পোশাকের সঙ্গে হিজাব পরেন।

নিউজিল্যান্ডের পুলিশ জানিয়েছে, সেকেন্ডারি পুলিশ স্কুল পরিদর্শনের পর পুলিশ কর্মকর্তাদের সুপারিশের পর ২০১৮ সাল থেকেই ইউনিফর্মের সঙ্গে হিজাব সংযুক্ত করার ব্যাপারে কাজ শুরু করে।

নিজের পোশাকের অংশ হিসাবে প্রথম হিজাব ব্যবহারের অনুমতি চেয়েছিলেন কনস্টেবল জিনা। এরপর কর্মকর্তারা সেই আবেদন গ্রহণ করে তাকে এই পোশাক চালুর আনুষ্ঠানিকতায় তাকে আমন্ত্রণ জানায়।

নিউজিল্যান্ড হেরাল্ডের তথ্য অনুযায়ী, ফিজিতে জন্ম নেয়া জিনা আলী খুব অল্প বয়সে নিউজিল্যান্ডে চলে আসেন। গেল বছর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার পর তিনি পুলিশে যোগ দেয়ার সিদ্ধান্ত নেন। জিনা বলেন, ‘হামলার পর আমি উপলব্ধি করতে শুরু করলাম, মানুষকে সহায়তা করার জন্য পুলিশ বাহিনীতে আরও বেশি মুসলমান নারীদের অংশগ্রহণ করা উচিত।’

আর পুলিশে যোগ দিয়ে পোশাকের অংশ হিসাবে হিজাব তুলে ধরতে পারায় খুবই খুশি জিনা। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, এটা দেখে এখন আরও বেশি মুসলমান নারী পুলিশে যোগ দিতে চাইবেন।’

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *