পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) রাজধানী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের চার সদস্যকে গ্রেফতার করেছে।
বুধবার (১৮ নভেম্বর) ভোরে রাজধানীর দক্ষিণখান থানার কাওলার ছান্দারটেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) গণমাধ্যম শাখার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সোয়া ৪টায় অভিযান পরিচালনা করে হিযবুত তাহরীরের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, জহিরুল ইসলাম টিটু (৩২), রাশিদুল ইসলাম ওরফে হৃদয় (২৩), আল মাহমুদ (২৫) এবং মুজাহিদ (১৮)। এদের মধ্যে গ্রেফতারকৃত মাহমুদ ঢাকা মহানগরী এবং গাজীপুর দক্ষিণ এলাকায় সংগঠনের দায়িত্বশীল ছিল।
গ্রেফতারকালে অ্যান্টি টেররিজম ইউনিট তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, একটি কম্পিউটার, বিপুল পরিমাণ উগ্রবাদী বই, কন্টেন্টের প্রিন্ট, অনলাইন কন্টেন্টের পিডিএফ, হিযবুত তাহরীর মিডিয়া উলাইয়াহ বাংলাদেশের প্রকাশনা, পুস্তিকা, লিফলেট এবং বিভিন্ন হাতে লেখা ডায়েরি জব্দ করে।
নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর সংগঠনের সক্রিয় সদস্য হওয়ায় তাদের বিরুদ্ধে দক্ষিণখান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
/এএ


