ইয়েমেনে বিদ্রোহীদের হাতে বন্দী ৫ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন

ইয়েমেনে বিদ্রোহীদের হাতে বন্দী ৫ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন

ইয়েমেনে বিদ্রোহীদের হাতে বন্দী ৫ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতে বন্দী ৫ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বৃহস্পতিবার পাঁচ বাংলাদেশি এডেনে আসবেন বলে আশা করা হচ্ছে। সেখান থেকে তারা ভারত হয়ে বাংলাদেশে পৌঁছাবেন বলে জানান প্রতিমন্ত্রী। বুধবার ফেসবুকে এক বার্তায় এসব তথ্য জানান তিনি।

শাহরিয়ার আলম জানান, ইয়েমেনের সানায় দীর্ঘদিন আগে হুতিদের হাতে আটক হয়েছিলেন ওমানের একটি জাহাজ কোম্পানিতে কাজ করা বাংলাদেশি ৫ জন নাবিক। তাদের সঙ্গে ভারতীয় নাগরিকও আটক ছিলেন। তিনি বলেন, ৯ মাস ধরে আটক থাকা অবস্থায়ই এক পর্যায়ে জাহাজ কোম্পানির মালিকের কাছ থেকে আংশিক মুক্তিপণ পাবার পরে তাদের মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হয়। আটকদের মধ্যে একজন প্রথম যোগাযোগ করেন প্রায় দুইমাস আগে।

আমাদের ওমান ও কুয়েত দূতাবাস এবং ওমানস্থ ভারতীয় দূতাবাসের গত দুই মাসের প্রচেষ্টায় আগামীকাল তারা এডেনে আসবেন বলে আশা করা যাচ্ছে। সেখান থেকে তারা ভারত হয়ে বাংলাদেশে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে, বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সূত্র জানায়, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতে প্রায় ৯ মাস ধরে ৫ জন বাংলাদেশিসহ ২০ জন নাবিক বন্দী রয়েছেন। বন্দীদের মধ্যে ১৩ জন ভারতীয় নাগরিক রয়েছেন। বাকি দুজন মিশরের। ভারতের যে ১৩ নাগরিক বন্দী রয়েছেন তাদের মধ্যে মহারাষ্ট্রের ৭ জন, ভারতের কেরালার ২ জন, তামিলনাড়ুর ২ জন, পুডুচেরি ও উত্তর প্রদেশের একজন করে রয়েছেন। বাকি ৭ জনের মধ্যে বাংলাদেশি ও মিশরীয় নাগরিক রয়েছেন। তবে ইয়েমেনের একটি সূত্র নিশ্চিত করেছে সেখানে ৫ জন বাংলাদেশি নাবিক বন্দী রয়েছেন।

ইয়েমেনের রাজধানী সানায় চলতি বছর ফেব্রুয়ারি মাসে একটি জাহাজ থেকে ২০ নাবিককে বন্দী করে হুতি বিদ্রোহীরা। এসব নাবিক তিনটি জাহাজে করে ওমান থেকে সৌদি আরবে যাচ্ছিলেন। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা গৃহযুদ্ধে লিপ্ত। তারা একই সাথে সৌদি আরবের সীমান্তেও সৌদি বাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত। তবে বিভিন্ন সময়ে বিদেশি নাগরিকদের বন্দী করে মুক্তিপণ আদায় করার নজির রয়েছে হুতিদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *