তাপমাত্রা ৭ দশমিক ৫ চুয়াডাঙ্গায় , মাঝারি শৈত্যপ্রবাহ
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চুয়াডাঙ্গায় শুক্রবার মধ্যরাত থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। আবহাওয়া অধিদপ্তর শনিবার সকাল নয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। মাত্র এক দিনের ব্যবধানে তাপমাত্রা ৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস নেমেছে।
চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে অবস্থিত প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, আকস্মিক তাপমাত্রা কমে যাওয়া, মেঘলাভাব কেটে যাওয়া ও উত্তর থেকে আসা হিমেল হাওয়ার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে।
জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার জানান, সরকারিভাবে এ পর্যন্ত জেলায় ২০ হাজার ৭০০ কম্বল বিতরণ করা হয়েছে। তা ছাড়া আরও ২৪ লাখ ৫০ হাজার টাকার কম্বল কেনা হয়েছে, যা শিগগিরই বিতরণ করা হবে।


