পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর সিদ্ধেশ্বরীতে মনোয়ারা হাসপাতালে চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসায় সিরাজুল ইসলাম (৭০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন তার স্বজনরা। মঙ্গলবার রাত ৯টার দিকে ওই ঘটনা ঘটে। পুলিশ সিরাজুলের চিকিৎসার কাগজপত্র জব্দ করে যাচাই করছে। ঘটনার পর হাসপাতালের কর্মকর্তা ও চিকিৎসকদের কাউকে পাওয়া যায়নি।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সেগুনবাগিচার ব্যবসায়ী সিরাজুল ইসলাম পড়ে গিয়ে বাম হাঁটুতে ব্যথা পান। স্বজনরা গত রবিবার তাকে মনোয়ারা হাসপাতালে ভর্তি করেছিলেন। হাসপাতালের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ইসহাকের অধীন তিনি ভর্তি ছিলেন। মঙ্গলবার বিকেলে তার হাঁটুতে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
অস্ত্রোপচার চলাকালে রোগীর সেখানেই মৃত্যু হয়। ওই খবর পেয়ে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে পড়েন। তারা ভুল চিকিৎসার অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালান। এতে হাসপাতালের আসবাবপত্র ও দরজা-জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি বলেন, ওই ব্যবসায়ীর মৃত্যুর বিষয়ে তদন্ত ছাড়া কিছু বলা যাবে না। এ জন্য কাগজপত্র জব্দ করা হয়েছে। তাছাড়া ঘটনার পর হাসপাতালে দায়িত্বশীল কোনো কর্মকর্তা বা চিকিৎসককে পাওয়া যায়নি। রোগীর স্বজনরা মামলা করলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


