‘সরকারকে জনবিচ্ছিন্ন করতে গৃহকর বৃদ্ধি’

‘সরকারকে জনবিচ্ছিন্ন করতে গৃহকর বৃদ্ধি’

নিজস্ব প্রতিবেদক : গৃহকর বৃদ্ধি করে একটি মহল সরকারকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করতে চায় বলে মন্তব্য করেছেন ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি গোলাম রহমান।  মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ক্যাবের এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। গৃহকর বৃদ্ধি বাতিল, বিদ্যুৎ-জ্বালানি তেলের দাম কমানো, নিত্য পণ্যের অসহনীয় দামবৃদ্ধি প্রতিরোধ এবং বাড়িভাড়া নিয়ন্ত্রণ কমিশন গঠনের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুদকের এ সাবেক চেয়ারম্যান বলেন, একটি মহল সরকারকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করতে গৃহকর বৃদ্ধি করছে। এটি ঠিক হয়নি। কারণ শহরগুলোতে নাগরিকদের সুযোগ-সুবিধা তেমন বাড়েনি।

একদিকে কোনো সুযোগ-সুবিধা দিবেন না, অন্যদিকে ইচ্ছেমতো কর বাড়াবেন- তা মেনে নেয়া যায় না। তাই গৃহকরসহ যেসব ক্ষেত্রে কর বাড়ানো হয়েছে তা বাতিল করতে হবে। তা না হলে আমরা ভোক্তাদের সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি পালন করব। দ্রব্যমূল্য বাড়ার জন্য সরকারকে দায়ি করে তিনি বলেন, এখনও চালসহ নিত্যপণ্যের দাম অনেক বেশি। তারা জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে। আমদানি ও মজুদ বিষয়ে সরকারের বিলম্বিত সিদ্ধান্তের সুযোগ নিয়েছে ব্যবসায়ীরা। বর্তমানে ব্যাংকে টাকা রাখা কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন তুলে সাবেক দুদক চেয়ারম্যান বলেন, নানা দুর্নীতি ও লুটপাটের কারণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা এখন খুবই নাজুক। ব্যাংকে টাকা রেখে ফেরত পাওয়াই দায় হয়ে দাঁড়িয়েছে। এখন আবার পরিবারের সদস্যদের ব্যাংকের পরিচালক করার সুযোগ বাড়ানো হয়েছে। এর মাধ্যমে লুটপাটের সুযোগ আরও বাড়বে।

এ সময় কারণ ছাড়াই বাড়ির মালিকরা যেন প্রতিবছর ভাড়া বাড়াতে না পারে এ জন্য নিয়ন্ত্রণ কমিশন গঠনের দাবি জানানো হয়। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক, কলামিস্ট এবং গবেষক সৈয়দ আবুল মকসুদ, নগর পরিকল্পনাবিদ স্থপতি মোবাশ্বের হোসেন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *