পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এই নিয়ে টানা ষষ্ঠবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বর্তমান ক্ষমতাসীন দল ন্যাশনাল মুভমেন্টের (এনআরএম) নেতা ইওয়েরি মুসেভেনি।
শনিবার (১৬ জানুয়ারি) দেশটির নির্বাচন কমিশন তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে জানানো হয়, নির্বাচন কমিশনের চেয়ারম্যান সিমন বাইবাকামা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, ‘৫৮ লাখ ৫১ হাজার ৩৭ জন ভোটার ৭৬ বছর বয়সী মুসেভেনিকে ভোট দিয়েছেন। যা মোট ভোটের ৫৮ দশমিক ৬৪ শতাংশ।’
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রবার্ট কিগুলানাই ৩৪ লাখ ৭৫ হাজার ২৯৮ ভোট পেয়েছেন। মোট ভোটের ৩৪ দশমিক ৮৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন পপ স্টার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া কিগুলানাই। ফলাফলকে ভুয়া আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন তিনি।
পপ স্টার কিগুলানাই ববি ওয়াইন নামে বেশি পরিচিত। ৩৮ বছর বয়সী ওয়াইন বলেন, সেনাবাহিনী এবং পুলিশ বেশকিছু জায়গায় ভোটারদের সিল মারা ব্যালট সরবরাহ করেছে। নিরাপত্তা বাহিনী মুসেভেনিকে ভোট দিতে ভোটারদের প্রভাবিত করেছে। ভোটদানে মুসেভেনির বাহিনী বিঘ্ন ঘটিয়েছে বলেও অভিযোগ তার।
মুসেভেনির বিরুদ্ধে প্রেসিডেন্ট পদের জন্য ৯ জন প্রার্থী লড়াই করেন। ১৯৮৬ সাল থেকে উগান্ডার ক্ষমতায় রয়েছেন মুসেভেনি।
/এএ


