পাথরঘাটায় বিস্ফোরণ; ১ মৃত্যুসহ হতাহত ৫০

পাথরঘাটায় বিস্ফোরণ; ১ মৃত্যুসহ হতাহত ৫০

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বরফ মিলে সিলিন্ডার বিস্ফোরণে বরগুনার পাথরঘাটা উপজেলায় মারা গেছে একজন। এছাড়াও এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। এদের মধ্যে বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে ১২ জনকে। তাদের শ্বাসনালী পুড়ে গেছে।

আহত অন্যান্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। অক্সিজেন সংকট দেখা দেওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছেন চিকিৎসকরা। এ ঘটনায় এক কিলোমিটার এলাকা জুড়ে বিষাক্ত এমোনিয়া গ্যাস ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে পাথরঘাটা পৌরশহরের ৯ নম্বর ওয়ার্ডের মোল্লা বরফ মিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ব্যক্তির নাম শাহজাহান হোসেন সম্রাট (৫৫)। তিনি পিরোজপুর জেলার পারেরহাট উপজেলার বাদুরা গ্রামের বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আবুল ফাতাহ বলেন, আহতদের সর্বাত্মক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তবে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। ফায়ার সার্ভিসের দুজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদেরসহ ১২ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাথরঘাটা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান বলেন, ‘সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যাই। গ্যাসের তীব্র বিষাক্ত গন্ধে আমরা ভেতরে ঢুকতে পারিনি। এ সময় আমাদের ফায়ার কর্মী মাহফুজ ও রেজাউল ও অসুস্থ হয়ে পড়ে। তাদের বরিশালে চিকিৎসা চলছে।’

খলিলুর রহমান আরও জানান, বিস্ফোরণে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে বিষাক্ত এমোনিয়া গ্যাস ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানানো সম্ভব হচ্ছে না। তদন্ত করে জানানো হবে বলে জানান তিনি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহাবুদ্দিন জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে যান বরগুনার-২ আসনের সাংসদ শওকত রহমান রিমন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সুলতানা।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *