কল্যাণপুরের ১০ জঙ্গির অধিকতর অভিযোগ গঠন ২৫ মার্চ
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় ১০ জঙ্গির বিরুদ্ধে অধিকতর অভিযোগ গঠন শুনানির জন্য ২৫ মার্চ দিন ধার্য করেছেন আদালত। গতকাল মঙ্গলবার মামলাটি অধিকতর অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার দুই আসামি অন্য মামলায় গ্রেফতার থাকায় তাদের আদালতে হাজির করতে পারেনি পুলিশ। এ জন্য ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান নতুন দিন ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কে ‘জাহাজ বিল্ডিং’এ রাতভর অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিন সকালে এক ঘণ্টার মূল অভিযানে নয় জঙ্গি নিহত হন। ওই ঘটনায় আহত হন রিগ্যান নামে আরও একজন। তারা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য বলে জানায় পুলিশ। অভিযানের দুদিন পর মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. শাহ জালাল আলম সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়। গত ১১ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ১০ জনকে অভিযুক্ত করে ঢাকা মহানগর হাকিম আদালতে চার্জশিট জমা দেন।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন- রাকিবুল হাসান রিগ্যান (২১), সালাহ উদ্দিন কামরান (৩০), আব্দুর রউফ প্রধান (৬৩), আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র্যাশ (২০), শরীফুল ইসলাম ওরফে খালেদ ওরফে সোলায়মান (২৫), মামুনুর রশিদ রিপন ওরফে মামুন (৩০), আজাদুল কবিরাজ ওরফে হার্টবিট (২৮), মুফতি মাওলানা আবুল কাশেম ওরফে বড় হুজুর (৬০), আব্দুস সবুর খান হাসান ওরফে সোহেল মাহফুজ ওরফে নাসরুল্লা হক ওরফে মুসাফির ওরফে জয় ওরফে কুলমেন (৩৩) ও হাদিসুর রহমান সাগর (৪০)। এদের মধ্যে আজাদুল কবিরাজ ওরফে হার্টবিট পলাতক রয়েছেন।


