নিজস্ব প্রতিবেদক ● জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির ঘোষণাকে মোটেও গ্রহণযোগ্য মনে করছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প) সুয়োমোটা নীতিতে যে ঘোষণা দিয়েছেন, তা ইসলামি বিশ্বের কারও কাছে গ্রহণযোগ্য নয়। কারণ, এর মাধ্যমে জাতিসংঘের রেজ্যুলেশনকে অগ্রাহ্য করা হয়েছে। এটা কেউই মেনে নেবে না। বৃহস্পতিবার বিকালে সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনার ভাষ্য, ফিলিস্তিনের একটি অধিকার রয়েছে। এভাবে একতরফাভাবে যুক্তরাষ্ট্রের ঘোষণা দেয়া মানে বিশ্বব্যাপী অশান্তি সৃষ্টি করা। আমেরিকাই কিন্তু ইসরায়েলে শান্তি প্রক্রিয়া শুরু করেছিল। কিন্তু এখন তাদের মাধ্যমেই আবার অশান্তির পথে সবাইকে ঠেলে দেয়াটা কোনোভাবেই কাম্য নয়। এজন্য সকল মুসলিম রাষ্ট্রকে একত্র হওয়ার আহ্বান জানাই। ফিলিস্তিন যেন ন্যায্য অধিকার পায় সেজন্য মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হবে, এটাই আমরা চাই।

