পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সহিংসতা কোনভাবেই পিছু ছাড়ছে না আফগানিস্তানের। এবার দেশটির রাজধানী কাবুল উপকণ্ঠে জাতিসংঘের একটি গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। ওই হামলায় অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন।
নিহতরা সবাই আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য। তারা জাতিসংঘের ওই গাড়িবহরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। জাতিসংঘ ও কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, বৃহস্পতিবার কাবুল থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে সুরোবি জেলার তাং-এ-হাব্রেশিম এলাকায় জাতিসংঘের গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় এক গাড়িচালক নিহত হলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে প্রাণ হারান গাড়ির আরো চার আরোহী।
এখনো এই হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, তারা বিশ্বাস করেন এই হামলার পেছনে তালেবানরাদের হাত রয়েছে। তবে তালেবানদের এক মুখপাত্র বলেছেন, এই হামলার সঙ্গে তাদের কোনো যোগসূত্র নেই।
আফগানিস্তানে জাতিসংঘের মিশন টুইটারে এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তানের জাতিসংঘ পরিবার আজকের ঘটনায় আফগান নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।

/এএ


