পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কারাগার থেকে পালানোর সময় হাইতির উত্তর-পূর্বাঞ্চলীয় পোর্ট-অ-প্রিন্সের ক্রোইক্স-দেজ-বুকেটস কারাগারে রক্ষীদের সঙ্গে সংঘর্ষে কারা পরিচালক ও এক গ্যাং লিডারসহ নিহত হয়েছে অন্তত ২৫ জন। এই সময় পালিয়ে যায় চারশ’রও বেশি বন্দি।
দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) উত্তর-পূর্বাঞ্চলীয় পোর্ট-অ-প্রিন্সের ক্রোইক্স-দেজ-বুকেটস কারাগারে এই ঘটনা ঘটে। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, কারাবন্দি গ্যাং লিডার আর্নেল জোসেফকে মুক্ত করার লক্ষ্যে জেলটিতে অভিযান চালায় তার অধীনস্তরা। ২০১৯ সালে গ্রেপ্তারের আগ পর্যন্ত জোসেফ ছিলেন হাইতির ‘মোস্ট ওয়ান্টেড’ পলাতক। ধর্ষণ, অপহরণ, হত্যাসহ অসংখ্য অভিযোগ আছে তার বিরুদ্ধে। পালানোর পরদিন একটি নিরাপত্তা চৌকিতে বন্দুকযুদ্ধে নিহত হন তিনি। দেশটির পুলিশ বাহিনীর মুখপাত্র গ্যারি দেসরোশিয়ার্স এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্যারি দেসরোশিয়ার্স বলেছেন, শুক্রবার আর্নেল জোসেফকে একটি মোটরসাইকেলে থাকা অবস্থায় একটি চেকপোস্টে দেখা যায়। সেখানে গ্রেপ্তারের চেষ্টা করা হলে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় তার মৃত্যু হয়।
কারাগার থেকে বন্দি পালানো নিয়ে খুব বেশি তথ্য প্রকাশ করেনি হাইতির কর্তৃপক্ষ। তবে ৬০ বন্দিকে আবারও গ্রেপ্তারের তথ্য জানিয়ে বলা হয়েছে তদন্ত চলছে।
/এএ


