পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনার দীর্ঘ এক বছর পর বিদেশি অতিথির জন্য খোলা হয়েছে পবিত্র কাবা শরিফের দরজা। মহামারি করোনার কারণে ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে সাত মাসেরও বেশি সময় ওমরা কার্যক্রম বন্ধ ছিল। শর্তসাপেক্ষে সীমিত পরিসরে ওরাহ শুরু হলেও খোলা হয়নি কাবা শরিফের দরজা।
ওমরা শুরু হওয়ার প্রায় পাঁচ মাস পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন পবিত্র ওমরা পালন করলেন। ওমরার সময় তিনি হাজরে আসওয়াদ চুম্বন করেন এবং পবিত্র কাবা ঘরে প্রবেশের সুযোগ পান।
গত এক বছরের মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর জন্য খোলা হলো পবিত্র কাবা শরিফের দরজা। গত ৬ মার্চ (শনিবার) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন ওমরা পালন করেন।
কাবা শরিফের ছাদ সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য কাবা শরিফের দরোজা খোলা হলেও কোনো অতিথি পবিত্র কাবায় প্রবেশের সুযোগ পাননি। সৌদি আরবের রাষ্ট্রীয় অতিথি হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন উমরা পালন করেন।
আরও পড়ুন: স্বশরীরে মেরাজঃ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিশেষ বৈশিষ্ট্য
ওমরা করতে গিয়ে তিনি প্রথমে কাবা শরিফের ভেতরে প্রবেশ করেন এবং নফল নামাজ আদায় করেন। কাবা শরিফ থেকে বের হয়ে তিনি হাজরে আসওয়াদ চুম্বন করেন এবং তাওয়াফ ও ওমরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
উল্লেখ্য, মুহিউদ্দিন ইয়াসিন মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী। ১৯৭৮ সালে দেশটির রাজনীতিতে পদার্পণ মুহিউদ্দিনের। সেবারই পাগোহ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। ৪২ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে ছয়টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি। পররাষ্ট্র এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সর্বোচ্চ পদেও ছিলেন ৭৩ বছর বয়সী এই রাজনীতিক।
মাহাথির মোহাম্মদের সময় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সময়ে উপপ্রধানমন্ত্রী ছিলেন। মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের মুখ্যমন্ত্রী হিসেবে ৯ বছর দায়িত্বে ছিলেন মুহিউদ্দিন। তিনি ইউনিভার্সিটি অব মালয় থেকে ১৯৭০ সালে অর্থনীতি ও মালয় স্টাডিজে স্নাতক সম্পন্ন করেন।


