স্বাস্থ্যবিধি মেনে রমজানে ওমরাহ পালনের সুযোগ

স্বাস্থ্যবিধি মেনে রমজানে ওমরাহ পালনের সুযোগ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাস মহামারি রোধে স্বাস্থ্যবিধি মেনে আসন্ন রমজানে পবিত্র মসজিদুল হারামে দেড় লাখ মানুষের ওমরাহ ও নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।

করোনা সুরক্ষায় টিকা নেওয়া ব্যক্তিদের ওমরাহ পালনের জন্য পবিত্র রমজানে বিশেষ ব্যবস্থাপনায় এ উদ্যোগ নিয়েছে সৌদির পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদ।

সৌদির ইসলাম, দাওয়াহ ও নির্দেশনা বিষয়ক মন্ত্রণালয় জানায়, মসজিদুল হারামে প্রতি দিন এক লাখ লোকের নামাজ আদায় ও ৫০ হাজার লোকের ওমরাহ পালনের ব্যবস্থা নওয়া হয়েছে। তাছাড়া ৬৫ বছরের বেশি বয়সী করোনা টিকা নেওয়া ব্যক্তিরা ওমরাহ পালনের সুযোগ পাবেন বলে জানায় মন্ত্রণালয়টি।

সৌদি ইসলাম বিষয়ক মন্ত্রী শায়খ আবদুল লতিফ আলে শেখ বিবৃতিতে জানান, করোনা সংক্রমণ রোধে মসজিদে ইফতার-সাহরির আয়োজন ও ইতিকাফ পালনও স্থগিত করা হয়েছে। এছাড়া রাতের বেলা মসজিদে অনুষ্ঠিত তারাবিহ নামাজ ও কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ নামাজসহ সংশ্লিষ্ট বিষয়ে শিগগির জানিয়ে দেওয়া হবে।

পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদের প্রধান শায়খ আবদুর রহমান সুদাইস জানান, পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে শুধুমাত্র করোনা টিকা নেওয়া ব্যক্তিদের ওমরাহ পালনের অনুমোদন দেওয়া হবে। তাছাড়া মসজিদুল হারাম ও মসজিদে নববিতে প্রবেশের জন্য করোনা টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

হজ ও ওমরাহ বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী ড. আবদুল ফাত্তাহ মাশাত বলেন, রমজানে ওমরাহ পালনে আগ্রহীদের ‌‌‘তাওয়াক্কালনা’ অ্যাপের সাহায্যে আবেদন করতে হবে। মসজিদুল হারামে নামাজ আদায় ও ওমরাহ পালনের অনুমোদিতদের নিয়ে রমজান মাসের সপ্তাহ ভিত্তিক তালিকা তৈরি করা হবে।

সৌদি আরবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ৯৪ হাজার ১৬৯ জন এবং সুস্থ হয়েছেন তিন লাখ ৮০ হাজার ৭৭২ জন। আর মারা গিয়েছেন ছয় হাজার ৭১১ জন।

সূত্র : আরব নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *