ইসলামি স্কলার শায়খ ড. ইউসুফ কারজাভি করোনা আক্রান্ত

ইসলামি স্কলার শায়খ ড. ইউসুফ কারজাভি করোনা আক্রান্ত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রবীণ মিসরীয় আলেম এবং বিশ্ববরেণ্য ইসলামি স্কলার শায়খ ড. ইউসুফ আল কারজাভি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আরব নিউজ জানায়, কারজাভির অফিসিয়াল টুইটারে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

টুইট বার্তায় বলা হয়, শায়খ আল কারজাভির করোনা শনাক্ত হয়েছে। আল্লাহর অনুগ্রহে এখন তিনি সুস্থ আছেন এবং চিকিৎসা গ্রহণ করছেন। শুভানুধ্যায়ীদের কাছে নিজের সুস্থতার জন্য দোয়া কামনা করেছে তিনি।

আরব নিউজ জানায়, ইউসুফ আল কারজাভির ছেলে আবদুর রহমান তার বাবার করোনা শনাক্তের খবর নিশ্চিত করেছেন। আল কারজাভি করোনা টিকাও নিয়েছেন বলে জানান তিনি। সবার কাছে তিনি বাবার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

উল্লেখ্য, ৯৪ বছর বয়সী ড. ইউসুফ আল কারজাভি ১৯৫৩ সালে মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। মিসরের ইসলামি দল মুসলিম ব্রাদারহুডের সক্রিয় সদস্য ছিলেন তিনি। ১৯৬১ সালে মিসর ত্যাগ করে অদ্যবধি তিনি কাতারে বসবাস করছেন। এর মধ্যে ২০১১ সালে একবার তিনি মিসর যান।

ড. ইউসুফ কারজাভি ১৯৭৭ সালে কাতার বিশ্ববিদ্যালয়ের শরিআহ ফ্যাকাল্টি প্রতিষ্ঠা করেন। একই সময় তিনি সেন্টার ফর সিরাহ অ্যান্ড সুন্নাহ রিসার্চ প্রতিষ্ঠা করেন এবং অদ্যবধি তিনি এর সভাপতি হিসেবে আছেন। ১৯৯৭ সালে ইউরোপীয়ান কাউন্সিল ফর ফতোয়া অ্যান্ড রিসার্চ প্রতিষ্ঠা করেন এবং এখন পর্যন্ত তিনি এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর মুসলিম স্কলার্সের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *