স্পোর্টস ডেস্ক ● বিদায়ী বছরের পারফরম্যান্সের ভিত্তিতে সেরা টেস্ট একাদশ তৈরি করেছে অভিজাত ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান। বিরাট কোহলি, স্টিভেন স্মিথদের মতো একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের হয়ে সাকিবের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরটাকে প্রাধান্য দিয়েছে গার্ডিয়ান। বিদায়ী বছরে টেস্টে ৪৭.৫ গড়ে সাকিবের রান ছিল ৬৬৫। উইকেট নিয়েছেন ২৯টি।
স্কোয়াডে ছয় নম্বরে রাখা হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের টেস্ট অধিনায়ককে। সাকিবের নৈপুণ্যেই অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো হারায় বাংলাদেশ।
সেই জয়কে বিশেষ গুরুত্ব দিয়েছে ব্রিটিশ পত্রিকা। সাত নম্বরে থাকা মুশফিকের পারফরম্যান্স দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে। ৫৪.৭১ গড়ে তার রান ৭৬৬।
উইকেটের পেছনে ১২টি ক্যাচ নিয়েছেন মুশফিক। স্টাম্পিং দুটি। জানুয়ারিতে সাকিবের সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড ১৫৯ রানের জুটি ছিল তার।
পরের মাসে ভারতে বাংলাদেশের প্রথম টেস্টে ১২৭ রান করেছিলেন মুশফিক। এছাড়া শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিফটি করেছিলেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক।
গার্ডিয়ানের সেরা একাদশ
ডেভিড ওয়ার্নার (৮০৮ রান, গড় ৪৪.৮৮), ডিন এলগার (১০৯৭ রান, গড় ৫৪.৮৫), চেতেশ্বর পূজারা (১,১৪০ রান, গড় ৬৭.০৫), স্টিভেন স্মিথ (১১২৭ রান, গড় ৭০.৪৩), বিরাট কোহলি (১০৫৯ রান, গড় ৭৫.৬৪), সাকিব আল হাসান (৬৬৫ রান, গড় ৪৭.৫/২৯ উইকেট), মুশফিকুর রহিম (৭৬৬ রান, ১২টি ক্যাচ), মিচেল স্টার্ক (২৬ উইকেট), নাথান লায়ন (৬০ উইকেট), জিমি অ্যান্ডারসন (৫১ উইকেট) ও কাগিসো রাবাদা (৫৪ উইকেট)। ওয়েবসাইট।


