হেফাজতের অর্থদাতাদের সন্ধানে গোয়েন্দারা

হেফাজতের অর্থদাতাদের সন্ধানে গোয়েন্দারা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলামের নাশকতা কর্মকাণ্ডে অর্থের জোগানদাতাদের ব্যাপারে তদন্ত শুরু করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদের সংখ্যা অনুযায়ী ৩১৩ জনের অর্থদাতা দল তৈরি করে সংগঠনটি। দাতাদের অনেকেই হেফাজতের গোপন উদ্দেশ্য সম্পর্কে না জেনেই অর্থ দিয়ে আসছেন। আবার অনেকেই তাদের আসল উদ্দেশ্য জেনেই সহায়তা দিয়ে যাচ্ছিলেন। এসব অর্থদাতার বিস্তারিত পরিচয় এবং অর্থের উৎস খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

এদিকে ঢাকায় গ্রেপ্তার হওয়া ২১ কেন্দ্রীয় ও মহানগর নেতাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যগুলো মিলিয়ে যাচাই করছেন তদন্তকারীরা।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তাঁর বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘কারা ফিন্যান্স করে সেগুলো নিয়ে গোয়েন্দা সংস্থা কাজ করছে। কিছু কিছু উপাদান পাচ্ছি। আরো কিছুদিন তদন্তের পর এ বিষয়ে অ্যানাউন্স করব।’

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘হেফাজতে ইসলামের অর্থের জোগানদাতা আছেন ৩১৩ জন—আমরা এমন তথ্য পেয়েছি। এখন এই অর্থদাতাদের পরিচয় শনাক্ত করে তাঁদের অর্থের উৎস খতিয়ে দেখা হচ্ছে। মামুনুল হকসহ কিছু নেতার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকার লেনদেন পাওয়া গেছে।’

ডিবি সূত্র জানায়, হেফাজত নেতাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদের সংখ্যার হিসাবে ৩১৩ জন ডোনার বা অর্থদাতা তৈরি করা হয়েছে। ইসলাম প্রতিষ্ঠার কাজে দান করা পুণ্য এমন বক্তব্য দিয়ে তাঁদের টাকা দেওয়ার ক্ষেত্রে উৎসাহী করা হয়। দেশের বাইরেও বেশ কয়েকজন অর্থদাতা আছেন। তাঁদের দেওয়া টাকায় হেফাজত রাষ্ট্রক্ষমতা দখলের ষড়যন্ত্র, নাশকতা বা অন্য কোনো কাজে ব্যয় করছে এসব বিষয় নিয়ে অর্থদাতাদের অনেকের মাথা ব্যথা নেই। আবার কেউ কেউ পরিকল্পনার ব্যাপারে জানেন। তাঁদের অনেকে হেফাজতের সক্রিয় কর্মী।

এদিকে ডিবি পুলিশ হেফাজতে ইসলামের আরো দুই নেতাকে গ্রেপ্তার করেছে। তাঁদের নিয়ে ঢাকায় গ্রেপ্তারকৃত নেতার সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে।

ডিবি সূত্র জানায়, আর্থিক বিষয় অনুসন্ধানে কিছু তথ্য পাওয়া গেলে নাশকতার কাজে অর্থসংস্থানের অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা হতে পারে। এ ব্যাপারে অনুসন্ধান করবে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *