পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবে বন্ধ করে দেওয়া হচ্ছে তুরস্কের আট শিক্ষাপ্রতিষ্ঠান। চলতি শিক্ষাবর্ষ শেষ করার পর এগুলো বন্ধ করে দেওয়া হবে।
এ খবরটি এমন একসময়ে প্রকাশ পেল, যখন সৌদির সঙ্গে তিক্ত সম্পর্ক দূর করতে প্রচেষ্টা চালাচ্ছিল আঙ্কারা। এরই মধ্যে তুরস্কের শিক্ষামন্ত্রীকে বিষয়টি চিঠির মাধ্যমে জানিয়েছে সৌদি সরকার।
তুরস্কের ওই স্কুলগুলোতে কমপক্ষে দুই হাজার ২৫৬ শিক্ষার্থী পড়াশোনা করত। তবে এ ব্যাপারে তুরস্কের সরকার কোনো মন্তব্য করেনি বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
সৌদিতে তুরস্কের ২৬ স্কুল রয়েছে। এর মধ্যে আটটি বন্ধ করে দেওয়া হচ্ছে। ২০১৮ সালে সৌদি আরবের ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের পর থেকে এ দুই মুসলিম দেশের মধ্যে টানাপোড়েন শুরু হয়।
সম্প্রতি তুরস্ক মধ্যপ্রাচ্য বিশেষ করে সৌদি আরব, আরব আমিরাত ও মিসরের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা করে যাচ্ছে। এর মধ্যে হঠাৎ করে স্কুল বন্ধের ঘোষণা সৌদি-তুরস্ক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।


