পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কিছুদিন আগে পবিত্র কাবা প্রাঙ্গণে থাকা ‘হাজরে আসওয়াদ’ এর স্বচ্ছ ছবি প্রকাশ করেছিলো সৌদি আরব। এবার ‘মাকামে ইব্রাহিম’ এর ছবি প্রকাশ করলো দেশটি। মসজিদুল হারামে এই পবিত্র পাথরটি রয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া।
জানা যায়, নতুন কৌশল ব্যবহার করে মাকামে ইব্রাহিমের বিস্তৃত ছবি তুলেছে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের দায়িত্বে থাকা জেনারেল প্রেসিডেন্সি।
মাকামে ইব্রাহিম বলতে সেই পাথরকে বুঝানো হয় যা কাবা শরিফ নির্মাণের সময় হযরত ইসমাইল (আ.) নিয়ে এসেছিলেন, যার উপর তার পিতা হযরত ইব্রাহিম (আ.) পা রেখে কাবা ঘর নির্মাণ করতে পারেন।
ইসমাইল (আ.) পাথর এনে দিতেন, ইব্রাহিম (আ.) তার পবিত্র হাতে তা কাবার দেওয়ালে রাখতেন। ওপরে উঠার প্রয়োজন হলে পাথরটি অলৌকিকভাবে ওপরের দিকে উঠে যেত।
বর্তমানে মাকামে ইব্রাহিম পাথরটি স্বর্ণ, রূপা ও গ্লাসের ফ্রেমে আবদ্ধ করে দেয়া হয়েছে। হাজরে আসওয়াদ থেকে যার দূরত্ব মাত্র ১৪ দশমিক পাঁচ মিটার।
তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমের পেছনে দুরাকাত নামাজ আদায় করতে হয় হাজিদের। জায়গা না পেলে অন্য কোথাও সেই নামাজ আদায় করা যায়।


