বিএনপির রাজনীতি কেবল খালেদা জিয়াকে ঘিরেই : তথ্যমন্ত্রী

বিএনপির রাজনীতি কেবল খালেদা জিয়াকে ঘিরেই : তথ্যমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির রাজনীতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়েই সীমাবদ্ধ। এর বাইরে তারা যেতে পারছে না। তারা দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে ভাবে না, শুধু বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ভাবে।

রাজধানীর সার্কিট হাউস রোডে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মিলনায়তনে বুধবার (১৩ মে) সাংবাদিকদের মধ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের করোনাকালীন সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাংবাদিক কল্যাণ ট্রাস্টে দেওয়া ১০ কোটি টাকার চেকটি এ সময় ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদের হাতে তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজে সংবাদ সম্মেলন করে বলেছেন, খালেদা জিয়া আগের চেয়ে অনেক ভালো আছেন, স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন, তাঁর কোনো অক্সিজেন সহায়তা লাগছে না। অর্থাৎ খালেদা জিয়া দ্রুত আরোগ্য লাভ করছেন। কিন্তু যেভাবে বিদেশ নিয়ে যাওয়ার জন্য তাঁরা তৎপর হয়ে উঠেছেন এবং সরকার আইনগত ব্যাখ্যা দিয়ে যখন বলল যে তাঁকে বিদেশ পাঠানো সুযোগ নেই, তখন তাঁরা যেভাবে সমালোচনা করছেন, হুঁশিয়ারিও দিয়েছেন, তা শুনে অনেকে মুচকি হেসেছে।’

হাছান মাহমুদ বলেন ‘মির্জা ফখরুল সাহেবকে বলবো, আপনাদের রাজনীতি দয়া করে শুধু খালেদা জিয়ার স্বাস্থ্যে সীমাবদ্ধ রাখবেন না, রাজনীতিটা জনগণের জন্য করুন।’

তথ্যমন্ত্রী বলেন সাংবাদিকদের বেতন-ভাতা, চাকরি একটি শৃঙ্খলায় আনা দরকার, যাতে করে যে কেউ যেকোনো সময় চাকরিচ্যুত না হন। কেউ কেউ পত্রিকার ডিক্লারেশন নিয়ে সাংবাদিকদের বেতন-ভাতা ঠিকভাবে দেন না, এটি হওয়া কোনোভাবেই উচিত নয়। আবার অনেকেই পত্রিকা বের করেন ৫০০ কপি, ঘোষণা করেন ৫ হাজার বা ৫০ হাজার।

হাছান মাহমুদ বলেন, প্রথম শ্রেণির কর্মকর্তার চেয়েও বেশি মেধাবী অনেক সাংবাদিক, যাঁরা ভালো চাকরি করেন, সমাজের জন্য অনেক অবদান রাখেন, তাঁদেরও চাকরির নিশ্চয়তা থাকবে না, এটা হতে পারে না। পত্রিকায় সাংবাদিকদের জন্য ইনস্যুরেন্স থাকা দরকার। আর যেসব হাউস থেকে সাংবাদিকদের ঠিকভাবে বেতন-ভাতা দেওয়া হয় না, কিংবা চাকরিচ্যুত করা হয়, সেসব হাউস সরকারের যেসব সুযোগ-সুবিধা পায়, সেগুলো নিয়ে ভাবতে হবে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালনা জাফর ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার সচিব খাজা মিয়া (অনলাইনে যুক্ত হয়ে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান। অনুষ্ঠানে ২২১ জনের মধ্যে চেক বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *