পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঈদের শুভেচ্ছা জানিয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য ফল ও মিষ্টান্ন পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, শুক্রবার ঈদুল ফিতরের সকালে রাজধানীর মোহাম্মদপুরে গজনবী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) এসব উপহার পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুর নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফলমূল ও মিষ্টান্ন পৌঁছে দেন।
প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসবে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।


