হেফাজত নেতা মনির হোসেন কাসেমী গ্রেফতার

হেফাজত নেতা মনির হোসেন কাসেমী গ্রেফতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলামের নেতা মুফতি মনির হোসেন কাসেমীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২১ মে) রাত সাড়ে ৮টায় রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলটন পুলিশ (ডিএমপি) ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম গ্রেফতারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ডিবি জানায়, ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশজুড়ে হেফাজতের তাণ্ডবের ঘটনায় বেশ কয়েকটি মামলার এজাহারভুক্ত আসামি মুফতি মনির হোসেন কাসেমী। তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানকে ঘিরে গত ২৬ ও ২৭ মার্চ দেশের বিভিন্ন স্থানে চালানো হেফাজতে ইসলামের তাণ্ডবে ১৭ জনের প্রাণহানি ঘটে। এছাড়া থানাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় সারাদেশে শতাধিক মামলায় প্রায় এক হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। হেফাজতের নেতৃত্ব পর্যায়ের অন্তত ২০ জনকে গ্রেফতার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

হেফাজত নেতাদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে একাধিক পুলিশ কর্মকর্তা জানান, ক্ষমতা দখলের নেশায় হেফাজতের বেশকিছু নেতা উগ্র হয়ে উঠেছিলেন। এজন্য তারা ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে দিতে উগ্রবাদী বক্তব্য দিতেন। এসব বক্তব্যের উদ্দেশ্যই ছিল সরকারের বিরুদ্ধে ধর্মভীরু মানুষকে খেপিয়ে তোলা। পাকিস্তানের ‘তেহেরিক-ই-লাব্বায়িক’ নামের সংগঠনের আদলে তারা হেফাজতে ইসলাম বাংলাদেশকে গঠন করে পাকিস্তান বা আফগানিস্তানের মতো এ দেশকে গড়ে তুলতে চেয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *