আবারও বাড়ল স্বর্ণের দাম

আবারও বাড়ল স্বর্ণের দাম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার ৪১ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল রোববার (২৩ মে) থেকে নতুন দাম কার্যকর হবে।

শনিবার (২২ মে) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১০ মে ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়। ফলে চলতি মাসে দু’দফায় ভরিতে স্বর্ণের দাম বাড়ানো হল ৪ হাজার ৩৭৪ টাকা।

এখন স্বর্ণের দাম বাড়ানোর কারণ হিসেবে বাজুস বলছে, করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও নানান জটিল সমীকরণের কারণে বিশ্ববাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকা, আমদানি পর্যায়ে শুল্ক জটিলতা (উপকরণ কর রেয়াত) ও নানান ধরনের দাপ্তরিক জটিলতার কারণে গোল্ড ডিলাররা স্বর্ণবার আমদানি করতে পারছেন না। তাছাড়া চাহিদার বিপরীতে যোগান কম থাকায় দেশীয় বুলিয়ান/পোদ্দার মার্কেটেও স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: যুব সমাজকে মাছ চাষের পরামর্শ প্রধানমন্ত্রীর

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (২৩ মে) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৪১ টাকা বাড়িয়ে ৭৩ হাজার ৪৮৩ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ ৭০ হাজার ৩৩৩, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬১ হাজার ৫৮৪ ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫১ হাজার ৬২ টাকায় বিক্রি হবে।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার পূর্বনির্ধারিত দাম বহাল রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *