প্রবীণ নেতাদের মৃত্যু ছিল আ’লীগের জন্য বেদনার

প্রবীণ নেতাদের মৃত্যু ছিল আ’লীগের জন্য বেদনার

নিজস্ব প্রতিবেদক ● সংসদ সদস্য ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম লিটনের মৃত্যুর মধ্য দিয়ে ২০১৬ সাল শেষ হয়েছিল আওয়ামী লীগের। বছরের শেষ দিনে সংসদ সদস্যের মৃত্যুর এ মিছিল ২০১৭ জুড়েই ছিল। গত বছর ত্যাগী নেতাদের পাশাপাশি কয়েকজন এমপিকে হারিয়েছে আওয়ামী লীগ, যা ছিল দলটির জন্য বেদনাবিধুর। এর বাইরে গত বছরের শুরুতেই নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনার সূত্রপাত হলেও অধিকাংশ সময়জুড়ে আলোচনায় ছিল ‘উচ্চ আদালত’, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায়’, প্রধান বিচারপতি এসকে সিনহার পদত্যাগ এবং তার ছুটি নিয়ে দেশত্যাগ। এছাড়া গত বছর আওয়ামী লীগের চারটি সহযোগী সংগঠনের সম্মেলনও অনুষ্ঠিত হয়।

২০১৭ সালে আওয়ামী লীগের বর্তমান কার্যনির্বাহী সংসদের মেয়াদ এক বছর পূর্ণ হয়। ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে টানা অষ্টমবার আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আর প্রথমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। কার্যনির্বাহী সংসদেও প্রবীণের মাঝে স্থান পায় একঝাঁক তরুণ মুখ। নতুন নেতৃত্ব দলটির বর্ধিত সভা, বিভাগীয় প্রতিনিধি সভা, জেলা কর্মিসভা, জেলা কমিটি অনুমোদন, কয়েকটি সহযোগী সংগঠনের কাউন্সিল অধিবেশন, উপনির্বাচনে জয়লাভ এবং জেলা পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জনসহ সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। আগামী জাতীয় নির্বাচন লক্ষ করে সাংগঠনিক গতি বৃদ্ধিতেও নজর দেয় দলটি।

৪ মার্চ রাজধানী ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে সাফিয়া খাতুন সভাপতি এবং মাহমুদা বেগম ক্রিক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১১ মার্চ কৃষিবিদ ইন্সটিটিউশনে বাংলাদেশ যুব মহিলা লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নাজমা আকতার এবং সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল পুনর্নির্বাচিত হন। ১৯ মার্চ অনুষ্ঠিত হয় বাংলাদেশ তাঁতী লীগের জাতীয় সম্মেলন। এতে ইঞ্জিনিয়ার শওকত আলীকে সভাপতি এবং খগেন্দ্র চন্দ্র দেবনাথকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়।

গত বছর অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন স্থান প্লাবিত হয়ে যায়। এতে উত্তরবঙ্গ, হাওর এলাকাসহ বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়। এ ধাক্কা সামলে উঠতে না উঠতেই মিয়ানমারের একরোখা নীতির কারণে মনুষ্যসৃষ্ট রোহিঙ্গা সংকট নেমে আসে। এরপর সুপ্রিমকোর্টের একটি রায়ের পর্যবেক্ষণকে কেন্দ্র করে বিচার বিভাগ এবং সরকারের মুখোমুখি অবস্থান তৈরি হয়।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। এরপর গত বছর প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, ছায়েদুল হক, মহিউদ্দিন চৌধুরীর মতো লিজেন্ড জননেতাদের হারিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ১৬ ডিসেম্বর সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মুহাম্মদ ছায়েদুল হক। তিনি ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে আওয়ামী লীগ থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। গত বছরের ৫ ফেব্রুয়ারি দেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির সদস্য আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত মারা যান, জাতীয় সংসদে সুনামগঞ্জের দিরাইয়ের মানুষের প্রতিনিধিত্বকারী এ নেতা আওয়ামী লীগের শীর্ষ সারিতে অবস্থান করতেন। সংসদ বিষয়ে ছিল তার বিশদ জ্ঞান। আওয়ামী লীগের প্রবীণ নেতা, চট্টগ্রামের সাবেক মেয়র এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী গত বছরের ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৩টার দিকে মারা যান। মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামবাসীর প্রিয় মানুষ ছিলেন। ৩০ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে মারা যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। ২০১৫ সালে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হিসেবে ডিএনসিসির মেয়র নির্বাচিত হন তিনি। অল্প সময়ের রাজনৈতিক ক্যারিয়ারে সবার মন জয় করে নিয়েছিলেন তিনি। বছরের শেষে এসে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান, যে আসনের সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের মৃত্যু দিয়ে শুরু হয়েছিল আওয়ামী লীগের ২০১৭। এছাড়া আওয়ামী লীগের সাবেক কয়েকজন এমপিও গত বছর চিরবিদায় নিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *