সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঘূর্ণিঝড় ইয়াস আরও দুর্বল হয়ে উত্তর দিকে সরে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এখন এটি ভারতের বিহার ও এর আশপাশের এলাকায় অবস্থান করেছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আরও দুর্বল হয়ে যেতে পারে। তবে এর প্রভাবে আজও (২৮ মে) ঢাকাসহ সারা দেশে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে দেশের নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

লঘুচাপে পরিণত হওয়ার ফলে উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে বিকাল পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়- ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: শনিবারের মধ্যে কাটবে ইয়াসের প্রভাব

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এক সতর্কবার্তায় বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *