করোনায় কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

করোনায় কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৪ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৯৮৮ জন। এর আগে গতকাল (১ জুন) দেশে করোনায় মৃত্যু হয় ৪১ জনের ও শনাক্ত হন ১৭৬৫ জন।

বুধবার (২ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৯১৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৪ হাজার ৬৫ জন।

২৪ ঘণ্টায় ২০ হাজার ৩৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ২৫৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ৮১ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯ লাখ ৮৬ হাজার ২২টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন। এছাড়া চট্টগ্রামে ৫, রাজশাহীতে ৫, খুলনায় ৫, বরিশালে ২, সিলেটে ৩ এবং রংপুরে ৩ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২১ জন পুরুষ এবং ১৩ জন নারী। এদের সবাই হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১২ হাজার ৬৯৪ জনের মধ্যে পুরুষ ৯ হাজার ১৬০ জন এবং নারী ৩ হাজার ৫৩৪ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৮ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৮ জন, ৪১ থেকে ৫০ বছরের ৫ জন এবং ২১ থেকে ৩০ বছরের ৩ জন রয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *