কর ফাঁকির শাস্তি কমানোর প্রস্তাব

কর ফাঁকির শাস্তি কমানোর প্রস্তাব

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে ভ্যাট ফাঁকির শাস্তি হিসেবে জরিমানা দ্বিগুণের বদলে ‘সমপরিমাণ’ হবে। বৃহস্পতিবার (৩ জুন) বাজেট বক্তৃতায় এ কথা বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আইনে শাস্তি ও জরিমানার বিধান বেশি কঠোর এবং তা কখনো প্রায়োগিক জটিলতা সৃষ্টি করে উল্লেখ করে তিনি বলেন, এতে ব্যবসায়িক স্বাভাবিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়। সে জন্য মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনে জরিমানা ও সুদের হার কমানোর প্রস্তাব করা হয়েছে।

এর ফলে ভ্যাট ফাঁকি, ব্যর্থতা বা অনিয়মের বেলায় জরিমানা সমপরিমাণ করার কথা বলা হচ্ছে। এ ছাড়া বকেয়া ভ্যাটের ক্ষেত্রে মাসিক সুদের হার ‘২ শতাংশের বদলে ১ শতাংশ’ করার প্রস্তাব এসেছে। যা বার্ষিক সুদের হারের বেলায়ও ২৪ শতাংশের স্থানে ১২ শতাংশ করা হবে, বলছেন অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার (৩ জুন) বিকালে একাদশ সংসদের ত্রয়োদশ অধিবেশনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট প্রস্তাব পেশ করা হয়। ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী। এটি মন্ত্রিসভার অনুমোদনের পর তাতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

করোনাকালের দ্বিতীয় বাজেটটি দেয়া হয়েছে ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাাংলাদেশ’ শিরোনামে। দেশের ৫০তম এই বাজেট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতির বাজেট।

এর আগে করোনাকালে দ্বিতীয় সংক্ষিপ্ত বাজেট অধিবেশন (২০২১-২২ অর্থবছর) জাতীয় সংসদে শুরু হয় গতকাল বুধবার (২ জুন) বিকেল ৫টায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অর্থমন্ত্রী প্রস্তাব করার পর বাজেটের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। স্বাভাবিক সময়ে বাজেট অধিবেশনগুলো দীর্ঘ হয়ে থাকলেও মহামারির কারণে এবারো তা সংক্ষিপ্ত হবে। স্বাস্থ্যবিধি মেনে আসন্ন অধিবেশন ১২ কর্মদিবসের হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *