পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ৬টি ইউনিয়নে ৭ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামীকাল শনিবার (৫ জুন) থেকে পরবর্তী এক সপ্তাহ এই লকডাউন কার্যকর থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় আজ শুক্রবার (৪ জুন) বিকেলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জেলা প্রশাসক (ডিসি) তা সাংবাদিকদের জানান। সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ৫ জুন (শনিবার) সকাল ৬টা থেকে ১১ জুন (শুক্রবার) রাত ১২টা পর্যন্ত এক সপ্তাহের এ লকডাউন কার্যকর হবে।
সভা শেষে জেলা প্রশাসক খোরশেদ আলম খান সাংবাদিকদের বলেন, সভায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যরা জেলাবাসীকে সুরক্ষা দেওয়ার স্বার্থে সর্বসম্মতিক্রমে নোয়াখালী পৌরসভা এবং সদর উপজেলার বিনোদপুর, অশ্বদিয়া, নোয়ান্নই, কাদিরহানিফ, নেওয়াজপুর ও নোয়াখালী ইউনিয়নে ৭ দিনের লকডাউন ঘোষণার ব্যাপারে মত দিয়েছেন।
তিনি আরও বলেন, লকডাউন চলাকালে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলায় দূরপাল্লার পরিবহন বন্ধ থাকবে। দুই জন করে সিএনজিচালিত অটোরিকশায় যাতায়াত করা যাবে। তবে জরুরি সেবা তথা পানি, গ্যাস, বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, চিকিৎসা সেবা, ইন্টারনেট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী পরিবহনের কাজে নিয়োজিত যানবাহন এর আওতামুক্ত থাকবে।


