পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এবার দক্ষিণ আফ্রিকায় করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে। এমনি ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১০ জুন) দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বিবৃতি দিয়ে সরকারিভাবে করোনার তৃতীয় দফার প্রকোপ শুরুর ঘোষণা দেওয়ার পাশাপাশি আগের তুলনায় করোনার সংক্রমণ প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পাওয়ার কথাও জানানো হয়েছে।
চিকিৎসক, গবেষক থেকে জনস্বাস্থ্যবিদদের প্রত্যেকেই ইতোমধ্যে এই নিয়ে সাবধান করে দিয়েছেন। তারা সতর্ক করে বলেন, যে কোন সময় যে কোন দেশে আছড়ে পড়তে পারে করোনার ২য় বা ৩য় ঢেউ। যেখানে রূপ বদলে আরও ভয়ংকর হয়ে উঠতে পারে এই ভাইরাস।
দ্রুত সংক্রমণ ছড়ানো ও শিশুদের ক্ষতিগ্রস্ত হওয়ার সতর্কতার মধ্যে দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজ বা এনআইসিডি’র পক্ষ থেকে টুইট বার্তায় ঘোষণা দিয়ে জানানো হলো, করোনার তৃতীয় ঢেউ দেখা দিয়েছে দক্ষিণ আফ্রিকায়।
টুইটে এনআইসিডি জানায়, ‘এবার বলা যেতেই পারে করোনার তৃতীয় ঢেউ দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে। কারণ ইতোমধ্যে মন্ত্রিসভার পরামর্শক কমিটি জানিয়েছে, দেশে সাতদিনের গড় সংক্রমণের (৫৯৫৯ জন) সংখ্যা আগের তুলনায় অনেকটা বেড়ে গেছে।
South Africa technically entered the 3rd wave today as the national 7-day moving average incidence (5959 cases) now exceeds the new wave threshold as defined by the Ministerial Advisory Committee.
— NICD (@nicd_sa) June 10, 2021
টুইট বার্তায় আরও লেখা হয়েছে, ‘এটা করোনার তৃতীয় ঢেউয়ের কারণে হচ্ছে। আগের ঢেউয়ের তুলনায় ৩০ শতাংশ বেশি বৃদ্ধি পেয়েছে সংক্রমণ।’ এদিকে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের এমন ঘোষণা আসার পরই দেশটির সাধারণ মানুষের মনে রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে।


