পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ৮ জুন নিখোঁজ হওয়ার পর এখনও ইসলামী বক্তা আবু ত্বহা এবং তার দুই সফরসঙ্গী ও গাড়ির চালক, এমনকি গাড়িটিও খুঁজে পাওয়া যায়নি।তাই নিখোঁজ স্বামী আবু ত্বহা মোহাম্মদ আদনানের সন্ধানে সহায়তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি লিখেছেন স্ত্রী সাবিকুন্নাহার।
সোমবার (১৪ জুন) দিবাগত রাতে সাবিকুন্নাহার নিজেই চিঠির বিষয়টি একটি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, আমার স্বামী এবং তার দুই সফরসঙ্গী ও গাড়ি চালকের কোনো খোঁজ পাইনি এখন পর্যন্ত। এমনকি আমরা কোনো জিডিও করতে পারিনি। এর আগে পল্লবী থানায় গেলে তারা জানায়, তার (আদনান) সর্বশেষ অবস্থান ছিল রংপুর। তাই রংপুর গিয়ে জিডি করতে বলে।
সাবিকুন্নাহার জানান, প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে দেওয়া চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে জমা দেওয়া হয়েছে এবং তারাও চিঠিটি রিসিভ করেছেন।
চিঠিতে তিনি বলেন, রংপুর থেকে ঢাকা ফেরার সময় গত ৮ জুন দুই সঙ্গী ও গাড়ি চালকসহ নিখোঁজ হন আবু ত্ব-হা। ওই দিন থেকে তাদের ব্যবহৃত গাড়িটিও কোথাও পাওয়া যাচ্ছে না। গত চার দিন ধরে খুঁজছি, কিন্তু কোনো সন্ধান পাইনি। ঢাকার দারুস সালাম ও পল্লবী থানায় গিয়েও কোনো আইনি সাহায্য পাওয়া যায়নি।
‘আমরা অত্যন্ত উদ্বিগ্ন। কারো কোনো সহযোগিতা না পেয়ে আপনার বরাবর শেষ আশ্রয় প্রার্থনা করছি,’ চিঠিতে বলেন আদনানের স্ত্রী।
চিঠিতে তিনি আরো বলেন, আবু ত্বহা যদি কোনো অপরাধ করে থাকে, তাহলে তাকে আইনের কাছে সোপর্দ করা হোক।


