পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ জন করোনায় আক্রান্ত হয়ে এবং ৪ জন উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানা গেছে।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম মঙ্গলবার (১৫ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১২ জনের মধ্যে ৮ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এবং ৪ জন কোভিড উপসর্গ নিয়ে মারা গেছেন। আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, রাজশাহীর ২ জন এবং নওগাঁর ১ জন।
অপরদিকে, উপসর্গ নিয়ে মারা যাওয়াদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ২ জন এবং রাজশাহী ও নাটোরের ১ জন করে। তাদের সবার স্বজনদের স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের জন্য বলা হয়েছে বলে জানান ডা. সাইফুল ইসলাম।
রামেক হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সেখানে রোগী বেড়ে দাঁড়িয়েছে ৩২৫ জন। এর আগে মোট রোগী ছিল ৩০৭ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত ১৫৮ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৬৭ জন।গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন ভর্তি হয়েছেন ৫৮ জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ জন।
উল্লেখ্য, এর আগে রামেক হাসপাতালের করোনা ইউনিটে গত ৪ জুন সর্বোচ্চ ১৬ জন এবং গত ১১ জুন দ্বিতীয় সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়।


