আল-আকসায় আবারও ইসরায়েলি পুলিশের হামলা

আল-আকসায় আবারও ইসরায়েলি পুলিশের হামলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। আজ শুক্রবার চালানো এ হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি আহত হন। জুমার নামাজের পর ফিলিস্তিনিরা আল আকসা মসজিদ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে।

গত মঙ্গলবার কট্টরপন্থী ইসরায়েলিদের মিছিলে মহানবী (সা.) কে অপমানের প্রতিবাদে আজ শুক্রবার এই মিছিলের উদ্যোগ নেন ফিলিস্তিনিরা। এ মিছিলে হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ।

ফিলিস্তিনিরা মিছিল করার জন্য আল আকসা মসজিদের প্রাঙ্গণে জড়ো হয়। পুরনো শহরের দামেস্ক গেট থেকে মিছিল শুরু করার আগেই বাব আল-সিলসিলা নামক একটি প্রবেশপথে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়। পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড ব্যবহার করে মসজিদের প্রাঙ্গন থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেয়।

মিছিলের জন্য শত শত ফিলিস্তিনি জড়ো হয়েছিলেন। কট্টরপন্থী ইসরায়েলিদের মিছিলের প্রতিবাদেই এই মিছিলের আয়োজন করেন তারা। মঙ্গলবারের মিছিলে ইসরায়েলিরা ‘আরবদের মৃত্যু’, ‘তোমাদের গ্রাম পুড়ে যাক’ প্রভৃতি স্লোগান দেন।

ইসরায়েলি মিছিলের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় তারা মহানবী (সা.) এর প্রতি অপমানসূচক আচরণ করছেন। আজ শুক্রবারের হামলায় লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এর এক সাংবাদিককে আহত করেছে ইসরায়েলি পুলিশ। লাতিফেহ আবদেলাতিফ নামের ওই সাংবাদিক পুলিশের রাবার বুলেটে আহত হন। মিডল ইস্ট আই জানিয়েছে, তাদের এক কন্ট্রিবিউটরও ইসরায়েলি পুলিশের হামলায় আহত হন।

সূত্র : আলজাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *