মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়ছে

মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়ছে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ১২ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যা আগামী জুলাই মাস থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রবিবার (২০ জুন) রাজধানীতে নবনির্মিত ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন বিশেষায়িত হাসপাতাল এবং জেলা-উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া সারা দেশে বীর মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে করার কাজও চলমান রয়েছে।

মন্ত্রী এসময় বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে বলেন, বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীরনিবাস নির্মাণ কাজ কয়েক দিনের মধ্যে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীরনিবাস নির্মাণ প্রকল্প অনুমোদন করেছেন। প্রথমে ১৪ হাজার থাকলেও পরে প্রধানমন্ত্রী এ সংখ্যা ৩০ হাজারে উন্নীত করেন।

এর আগে, জাতীয় সংসদে আগামী অর্থবছরে (২০২১-২২) বাজেট ঘোষণার সময় এই খাতে বরাদ্দ রাখার কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা আগামী অর্থবছরে ১২ হাজার টাকা থেকে ২০ হাজার টাকায় উন্নীত করা হচ্ছে। এতে বরাদ্দ বাড়বে ১ হাজার ৯২০ কোটি টাকা। বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্যসংবলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম তৈরি করে জিটুপি (সরকার থেকে ব্যক্তি) প্রক্রিয়ায় সম্মানী ও অন্যান্য ভাতা বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি ভাতাভোগীর ব্যাংক হিসাবে যাচ্ছে।

গত ১৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রম উদ্বোধন করেছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *