পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সোমবার (২১ জুন) ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩৬০ জনকে এই টিকা দেওয়া হচ্ছে৷
টিকাগ্রহীতাদের ৭ থেকে ১০ দিন পর্যবেক্ষণ শেষে অন্যদের এই টিকা দেওয়ার কর্মসূচি শুরুর পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের৷ করোনাভাইরাস প্রতিরোধে তৃতীয় টিকা হিসেবে ফাইজার ব্যবহার করা হচ্ছে৷
সোমবার (২১ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রথম ফাইজারের টিকা নেন মালিবাগের বাসিন্দা রাহাত চৌধুরী। রাহাত চৌধুরী জানান, প্রথমে টিকা নেওয়ার আগ্রহ না থাকায় নিবন্ধন না করলেও পরে পরিবারের চাপে এপ্রিলে টিকাদান বন্ধ হওয়ার দুইদিন আগে নিবন্ধন করেছেন৷
তিনি বলেন, ‘‘গতকাল ফাইজারের টিকা নেওয়ার জন্য এসএমএস আসে৷ আজ সবার আগে টিকা নিয়েছি এজন্য আরও ভালো লাগছে৷ ইঞ্জেকশন পুশ করার সময় যে ব্যাথা লাগে তাও হয়নি৷ সবাইকে বলতে চাই টিকা নেওয়া উচিত৷’’
ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, ‘‘ফাইজারের টিকা দেওয়ার ক্ষেত্রে তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ৷ এছাড়া টিকার মিশ্রণ ঠিকমতো করাও বড় ব্যাপার৷ এ কারণে এই টিকা দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হচ্ছে৷ টিকা দেওয়ার জন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ যেহেতু এই টিকা আমরা প্রথম দিচ্ছি সে কারণে যেসব হাসপাতালে আইসিইউ আছে, স্পেশাল কেয়ার নেওয়ার ব্যবস্থা আছে সেগুলোকে কেন্দ্র হিসেবে নির্বাচন করেছি৷’’
তিনি জানান, এখন পর্যন্ত ফাইজারের টিকার জন্য কোনো অগ্রাধিকার তালিকা তৈরি করা হয়নি ৷ তবে বিদেশগামীদের ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করা হতে পারে৷’’
‘‘আমাদের শ্রমিকদের কোনো কোনো দেশে ফাইজার বা অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার কথা বলে দেওয়া হচ্ছে ৷ তাদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি আমাদের চিন্তার মধ্যে আছে৷’’
বাংলাদেশে তৃতীয় টিকার চালান হিসেবে টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে পাওয়া মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি এক লাখ ৬২০ ডোজের চালান এসে পৌঁছায় গত ৩১ মে৷


