পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে ১৯৮০ সালে নির্মিত একটি ১২ তলা আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় অন্তত একজন নিহত এবং ৯৯ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।
মায়ামি-ডাডের মেয়র ড্যানিয়েল লেভিন-কাভা জানিয়েছেন, ভবনটিতে যারা অবস্থান করছিলেন সেই সংখ্যা তাদের হিসাব মতে ১০২ জন এবং এখনও ৯৯ জনের কোন খোঁজ মেলেনি। তবে ভবন ধসের মুহূর্তে বহুতল ওই ভবনটিতে আসলেও কতো মানুষের বসবাস ছিল – সেটি পরিষ্কার নয়।
ভবনটি ধসে পড়ায় ওই কমপ্লেক্সের ১৩০টি ইউনিটের অর্ধেক তছনছ হয়ে গেছে। তবে ভবন ধসের কারণ এখনও জানা যায়নি।
যারা নিখোঁজ হয়েছেন, তাদের মধ্যে বেশ কয়েকজন লাতিন আমেরিকান অভিবাসী রয়েছেন বলে ওই দেশগুলোর কনস্যুলেট থেকে জানানো হয়েছে।
উদ্ধারকারীরা ৩৫ জনকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলেছে বলে, কর্মকর্তারা জানিয়েছেন। দশজনকে পর্যবেক্ষণ ও চিকিৎসা দেয়া হয়েছে। এরমধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধারকারী ও তল্লাশি দলগুলো ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া একটি পার্কিং গ্যারেজ থেকে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। কারণ তারা ধ্বংসাবশেষের নীচে বেঁচে থাকা মানুষের সন্ধান পেয়েছেন।


