পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে উদ্বেগজনক হারে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে আবারো কঠোর লকডাউন জারি করেছে সরকার। আগামী সোমবার (২৮ জুন) থেকে প্রাথমিকভাবে এক সপ্তাহের জন্য এই লকডাউন শুরু হবে। এই সময়ে সকল সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকার পাশাপাশি যানবাহনও বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না।
এই কঠোর লকডাউন অত্যন্ত কঠোরভাবেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মমিনুর রহমান। আজ শনিবার (২৬ জুন) তিনি বলেন, চট্টগ্রাম মহানগরীসহ গোটা জেলায় এবার লকডাউন অনেক কড়াকড়ি হবে। একমাত্র জরুরি পরিষেবা ছাড়া ঘরের বাইরে কেউ যেতে পারবে না। সেটা আমরা নিশ্চিত করব।
এদিন বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজে লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের ডিসি মমিনুর রহমান আরও বলেন, চট্টগ্রামে লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন, বিজিবি, পুলিশ, আনসার এবং স্বেচ্ছাসেবকরা মাঠে কাজ করবেন। তবে সেনাবাহিনী মাঠে থাকবে কি না- সেটি এখনও নিশ্চিত নয়। মহানগরীতে মোবাইল কোর্টের ১২টি টিম এবং প্রত্যেক উপজেলায় ৩টি করে টিম কাজ করবে বলেও জানান তিনি।
মাঠ প্রশাসনের এই কর্মকর্তা আরও বলেন, সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নির্দেশনা অমান্য করলে জেল-জরিমানার বিধান রয়েছে। তবে আমরা অহেতুক মানুষকে জেল দিতে চাই না। বরং তাদের আমরা সচেতন করতে চাই যে, তারা যেন ঘরে থাকে। কিন্তু কেউ যদি সচেতনতা অবলম্বন না করে লকডাউনের নির্দেশনা অমান্য করে, তাহলে অবশ্যই তাকে আমরা আইনের আওতায় আনব। আগের চেয়ে এবার জরিমানার অংক বড় হবে। সেইসঙ্গে প্রয়োজনে এবার আমরা জেলহাজতে পাঠাব।


